থিমের জৌলুস কমিয়ে কদর বাড়ছে কিসের? কুমোরটুলির অন্দরে এবার কোন ছবি বঙ্গে?

গত বেশ কয়েক বছর ধরে কলকাতার দুর্গাপুজোয় নানা পরীক্ষানিরীক্ষা ও থিমের ছড়াছড়ি দেখা গেলেও ২০২৬ সালের পুজোয় প্রতিমা তৈরির বরাতে এসেছে এক বিরাট পরিবর্তন। কুমোরটুলির শিল্পীদের সূত্রে জানা যাচ্ছে, চলতি বছরে থিমভিত্তিক প্রতিমার পরিবর্তে সাবেকি দুর্গাঠাকুর তৈরির অর্ডারই সবচেয়ে বেশি মিলছে।

কলকাতার দুর্গোৎসব ফোরামের তরফে জানানো হয়েছে, বর্তমান রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রতিমা তৈরির অর্ডারে এই বদল লক্ষ করা গেছে। আগের মতো নানা রকম থিম বা সৃজনশীলতার চেয়ে এ বছর ঐতিহ্যবাহী ও সাবেকি প্রতিমার দিকেই পুজো কমিটিগুলির ঝোঁক বেশি। শিল্পী শুভময় সিনহা ও মলয় রায়ের মতো অভিজ্ঞ শিল্পীরাও একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তাঁদের মতে, থিমের বরাত পুরোপুরি বন্ধ না হলেও সাবেকি প্রতিমার চাহিদা এবারে অনেকটাই উর্ধ্বমুখী। তবে অন্য মতও রয়েছে; শিল্পী বাবুন পাল মনে করেন, শিল্পের রূপ হিসেবে থিমের প্রতিমাও তৈরি হচ্ছে, যদিও তার সংখ্যাটা কিছুটা কম।

উৎপাদনের এই পরিবর্তনের পাশাপাশি কুমোরটুলির শিল্পীদের লড়তে হচ্ছে নানা প্রতিকূলতার বিরুদ্ধেও। কুমোরটুলি মৃত্‍‌শিল্পী সাংস্কৃতিক সমিতির মুখপাত্রের মতে, এ বছর রথযাত্রার পর প্রতিমার বরাত বাড়লেও সার্বিক উৎপাদন কিছুটা কমতে পারে। এর পেছনে রয়েছে একাধিক কাঁচামালের সংকট। প্রায় দেড় মাস ধরে মাটির সংকট চলায় প্রতিমা তৈরির কাজে বড়সড় ঘাটতি তৈরি হয়েছিল। যদিও বর্তমানে মাটির সংকট কেটেছে, তবে তার দাম প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ায় নতুন করে সমস্যায় পড়েছেন শিল্পীরা।

এরই পাশাপাশি দেখা দিয়েছিল বাঁশের সংকটও। গঙ্গায় বাঁশ ভেজানোর অনুমতি না থাকায় মজবুত কাঠামো তৈরি করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন মৃৎশিল্পীরা। তবে পরবর্তীতে রিভার পুলিশের সঙ্গে আলোচনার জেরে গঙ্গায় বাঁশ ভেজানোর অনুমতি মেলায় সেই জটিলতা আপাতত কাটলেও, ২০২৬ সালের দুর্গাপুজোর প্রস্তুতিতে নানা চ্যালেঞ্জের মধ্য দিয়েই এগোচ্ছেন কুমোরটুলির শিল্পীরা।