বিয়ের পরেই বিচ্ছেদের অঙ্ক! ডিভোর্স হলে প্রতি মাসে কত কোটি পাবেন জর্জিনা? প্রকাশ্যে এল রোনাল্ডোর গোপন চুক্তি

দীর্ঘ প্রায় এক দশক ধরে লিভ-ইন করার পর অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রড্রিগেজকে বিয়ে করলেন পর্তুগালের ফুটবল জাদুকর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালের কাসকেইস শহরে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই বিবাহ সম্পন্ন হয়। যেখানে কেবল তাঁদের পাঁচ সন্তান এবং অত্যন্ত ঘনিষ্ট কয়েকজন বন্ধু উপস্থিত ছিলেন। এমনকি পর্তুগাল জাতীয় দল বা সৌদি ক্লাব আল নাসেরের কোনো সতীর্থ বা অন্য কোনো সেলিব্রিটিকেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। তবে এই বিয়ের সবচেয়ে বড় চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে তাঁদের ‘ম্যারেজ এগ্রিমেন্ট’ বা বিবাহ চুক্তি।
পর্তুগালের আইন মেনে করা এই চুক্তির খুঁটিনাটি ইতিমধ্যেই সামনে এসেছে। চুক্তি অনুযায়ী, রোনাল্ডো এবং জর্জিনা—দুজনেরই ব্যক্তিগত সম্পত্তির ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় থাকবে। অর্থাৎ, বিয়ের আগে বা পরে তাঁরা যা উপার্জন করবেন কিংবা যেখানেই বিনিয়োগ করুন না কেন, তার ওপর শুধুমাত্র তাঁদের ব্যক্তিগত অধিকারই থাকবে। ভবিষ্যতে যদি কখনও তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়, তবে সম্পত্তি ভাগাভাগি নিয়ে কোনো আইনি জটিলতা এড়াতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
চুক্তিতে অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে, যদি কোনো কারণে তাঁদের সম্পর্ক ভেঙে যায়, তবে রোনাল্ডোকে প্রতি মাসে জর্জিনাকে খোরপোশ হিসেবে ১.১ কোটি (এক কোটি দশ লক্ষ) টাকা দিতে হবে। শুধু তাই নয়, স্পেনের মাদ্রিদে তাঁদের যে বিলাসবহুল বাংলো রয়েছে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৫৩.৫ কোটি টাকা, সেটির সম্পূর্ণ মালিকানাও হস্তান্তরিত হবে জর্জিনার নামে। জানা গিয়েছে, এই বিশেষ বিবাহ চুক্তিতে সাক্ষী হিসেবে সই করেছেন রোনাল্ডোর ঘনিষ্ট বন্ধু মিগুয়েল পেইশাও এবং জর্জিনার বোন ইভানা রড্রিগেজ।