“প্রকৃত মুসলমানরা কখনও গরু জবাই করেন না!” রামপুরের এসপির বিস্ফোরক মন্তব্যে চরম বিতর্ক!

রামপুরের পুলিশ সুপার (এসপি) অনিল কুমার সিং সিসোদিয়ার একটি মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে তীব্র বিতর্কের ঝড় উঠেছে। সম্প্রতি তিনি এক বিতর্কিত বক্তব্যে দাবি করেন যে, একজন “প্রকৃত মুসলমান” কখনওই গরু জবাই বা এমন কোনও কাজ করবেন না যা অন্য সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়। তাঁর এই মন্তব্যের জেরে প্রবল সমালোচনার মুখে পড়তে হয় প্রশাসনকে। যদিও পরবর্তীতে তিনি নিজের বক্তব্যের সপক্ষে সাফাই দিয়ে জানান যে, তাঁর মূল উদ্দেশ্য ছিল সামাজিক সম্প্রীতি ও শান্তি বজায় রাখা এবং তাঁর কথাগুলোকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। পুলিশ লাইনে গরু জবাই রোধের পদক্ষেপ সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের বৈঠক শেষ হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এসপি সিসোদিয়া। সেই সময় তিনি জানান যে, পবিত্র শ্রাবণ মাসে গঞ্জ ও সোয়ার থানা এলাকায় বেশ কিছু গোরু জবাইয়ের খবর পাওয়া গিয়েছে। এই প্রসঙ্গেই তিনি অত্যন্ত কড়া ভাষায় বলেন, ইসলাম ধর্ম অনুযায়ী এমন কোনও প্রাণীর মাংস ভক্ষণ করা সম্পূর্ণ ‘হারাম’ বা নিষিদ্ধ, যার বধ অন্য সম্প্রদায়ের মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানে। তাঁর দাবি ছিল, একজন প্রকৃত মুসলমান কখনই এ ধরনের জঘন্য কাজে লিপ্ত হতে পারেন না। যাঁরা এই ধরনের বেআইনি কাজের সঙ্গে যুক্ত, তাঁরা হয় প্রকৃত মুসলমান নন, অথবা অত্যন্ত নীচ মানসিকতার মানুষ।
এই মন্তব্য প্রকাশ্যে আসার পরেই রাজনৈতিক ও সামাজিক মহলে প্রতিবাদের ঝড় ওঠে। প্রবল চাপের মুখে পড়ে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিতে বাধ্য হন এসপি। তিনি জানান, সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার সময় তিনি বিখ্যাত ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের পুরনো বক্তব্যের প্রসঙ্গ টেনেছিলেন। তাঁর মতে, দেওবন্দের অবস্থান অনুযায়ী এমন পশুবধ অনুচিত যা অন্যের অনুভূতিতে আঘাত করে। সিসোদিয়া জোরালোভাবে দাবি করেন, তাঁর বার্তাটি কেবল সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ রক্ষার উদ্দেশ্যে দেওয়া হয়েছিল। তিনি বলেন, “আমার লক্ষ্য ছিল সাম্প্রদায়িক সৌহার্দ্য বজায় রাখা। কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না। যদি আমার কথা ভুলভাবে বুঝে কেউ কষ্ট পেয়ে থাকেন, তবে তার জন্য আমি দুঃখিত।”
এদিকে, এই ঘটনার পর পুলিশ প্রশাসন আরও কঠোর পদক্ষেপের ঘোষণা করেছে। গত এক দশকে গরু জবাইয়ের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের একটি বিশেষ তালিকা তৈরি করে তাদের কঠোর যাচাই-বাছাই করার নির্দেশ দেওয়া হয়েছে থানাগুলোকে। পাশাপাশি, অভিযুক্তদের জামিনের শর্ত ও জামিনদারদের বিশদ নথিপত্র প্রস্তুত রাখার জন্যও পুলিশকে নির্দেশ দিয়েছেন এসপি।