সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার ময়দানে ইডি! কলকাতা ও খিদিরপুর সহ মোট ১২টি ঠিকানায় একযোগে তল্লাশি

সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধারকাণ্ডে এবার আনুষ্ঠানিকভাবে তদন্তে নেমে পড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। আজ সকাল থেকেই কলকাতার শর্ট স্ট্রিট, খিদিরপুর এবং উপনগরী সহ মোট ১২টি ভিন্ন ঠিকানায় একযোগে বিশাল অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় এই গোয়েন্দা সংস্থা।

উল্লেখ্য, এর আগে প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাট এবং সংশ্লিষ্ট ব্যাঙ্কের লকার তল্লাশি করে প্রায় সাড়ে তিন কেজি সোনা উদ্ধার করার দাবি করেছিল পুলিশ। সেই সময় পুলিশি জেরার মুখে পড়েছিলেন খোদ প্রাক্তন মেয়র তথা হেভিওয়েট এই রাজনীতিবিদ। তাঁকে সঙ্গে নিয়েই তাঁর বিভিন্ন ঠিকানায় তল্লাশি অভিযান চালিয়েছিল পুলিশ প্রশাসন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আর্থিক তছরুপ ও সোনা উদ্ধারের এই রহস্যভেদে ময়দানে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। শহরের একাধিক প্রান্তে চলা এই মেগা অভিযানকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।