‘সেবাশ্রয়’ কাণ্ডের রেশ কাটতে না কাটতেই কড়া পদক্ষেপ! বাতিল হল এই নার্সিংহোমের রেজিস্ট্রেশন

‘সেবাশ্রয়’ কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের স্বাস্থ্য প্রশাসনের কঠোর পদক্ষেপ। বিনা অনুমতিতে আলট্রাসাউন্ড বা ইউএসজি (USG) মেশিন অন্যত্র স্থানান্তরিত করার অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ‘জীবন আরোগ্য’ নামক একটি নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন সম্পূর্ণভাবে বাতিল করে দিল জেলা প্রশাসন। এই কড়া পদক্ষেপের ফলে চিকিৎসা মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি রাজ্যজুড়ে নার্সিংহোম ও ডায়াগনস্টিক সেন্টারগুলির ওপরে নজরদারি আরও কড়াকড়ি করা হয়েছে। গত ২৩ জুলাই ডিস্ট্রিক্ট ইমপ্লিমেন্টেশন অ্যান্ড মনিটরিং কমিটি (DIMC)-র আধিকারিকরা ‘জীবন আরোগ্য’ নার্সিংহোমে একটি আকস্মিক পরিদর্শনে যান। সেই পরিদর্শনের সময়ই প্রশাসনিক আধিকারিকদের নজরে আসে গুরুতর অনিয়ম। নিয়মানুযায়ী, নার্সিংহোমের যে রেজিস্টার্ড অফিস বা নির্দিষ্ট ঘর ইউএসজি পরিষেবার জন্য অনুমোদিত, সেখানে গিয়ে দেখা যায় আলট্রাসাউন্ড মেশিনটি সেই নির্ধারিত স্থানে নেই। কোনো রকম পূর্বানুমতি বা প্রশাসনিক নির্দেশ ছাড়াই মেশিনটিকে অন্য কোথাও সরিয়ে ফেলা হয়েছিল, যা ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইনের সরাসরি লঙ্ঘন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, লাইসেন্স পাওয়ার পর নির্দিষ্ট নিয়ম মেনেই পরিকাঠামো বজায় রাখতে হয়। কিন্তু কর্তৃপক্ষের এই ধরনের খামখেয়ালিপনা এবং বেআইনিভাবে মেশিন সরিয়ে ফেলার ঘটনা সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার সঙ্গে সরাসরিগাফিলতি হিসেবে দেখা হচ্ছে। এই অভিযোগের সত্যতা মিলতেই জেলা প্রশাসনের তরফ থেকে কঠোর নির্দেশিকা জারি করা হয় এবং ওই নার্সিংহোমের রেজিস্ট্রেশন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক অতীতে ‘সেবাশ্রয়’ কাণ্ডের পর স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রগুলির ওপর নজরদারি বহুগুণ বাড়িয়ে দিয়েছে প্রশাসন। এই ধরনের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে সরকার। ‘জীবন আরোগ্য’ নার্সিংহোমের লাইসেন্স বাতিলের ঘটনাটি অন্যান্য বেসরকারি চিকিৎসাকেন্দ্রগুলির কাছেও একটি কড়া বার্তা হিসেবে দেখছেন ওয়াকিবহাল মহল। প্রশাসনের এই কঠোর অবস্থানের ফলে ভবিষ্যতে নার্সিংহোমগুলি নিয়ম মানতে আরও বেশি বাধ্য হবে বলেই মনে করা হচ্ছে।