নিম্নচাপের রেশ কাটলেও বৃষ্টি থামছে না! বৃহস্পতিবারেও দক্ষিণবঙ্গে ভিজবে কোন কোন জেলা?

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর বাংলা ছেড়ে ছত্তিশগঢ়ের দিকে সরে গেল নিম্নচাপ। এর ফলে সরাসরি আর কোনো বড় প্রভাব বাংলায় না পড়লেও, এর পরোক্ষ প্রভাবে বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। অন্যদিকে, সাময়িক বিরতি কাটিয়ে উত্তরবঙ্গে ফের নতুন করে শুরু হয়েছে অতি ভারী বৃষ্টির তান্ডব। আগামী কয়েকদিন আবহাওয়ার এই মিশ্র পরিস্থিতি বজায় থাকার জোরালো সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই মুহূর্তে সক্রিয় মৌসুমি অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ছেড়ে রাজস্থানের গঙ্গানগর ও ছত্তিশগড়ের ওপর দিয়ে পুরী হয়ে সোজা বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বাংলার ওপর থেকে নিম্নচাপের কাঁটা সরে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে দক্ষিণবঙ্গ।

আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস:
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় ঝিরঝিরে কিংবা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

এরপর শুক্র ও শনিবারে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে আসবে। তবে রবি ও সোমবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা সামান্য বাড়তে পারে। বিশেষ করে আগামী মঙ্গলবার বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

কলকাতার আবহাওয়া:
শহরে বিক্ষিপ্তভাবে ঝিরঝিরে বৃষ্টি কিংবা স্থানীয় প্রভাবে দু-এক পশলা হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে বৃষ্টি না হলে বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে ভ্যাপসা আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৬ থেকে ৯৭ শতাংশ এবং গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৫.৩ মিলিমিটার। তবে আগামী সোমবার থেকে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়তে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া:
অন্যদিকে উত্তরবঙ্গের ছবিটা সম্পূর্ণ আলাদা। বৃহস্পতি ও শুক্রবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। শনিবার উত্তরের উপরের দিকের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রাখা হয়েছে। রবিবারে উত্তরবঙ্গে ফের অতি ভারী বৃষ্টির চরম সতর্কতা থাকছে এবং সোমবার বৃষ্টির প্রকোপ আরও বহুগুণ বেড়ে যাবে। এমনকি মঙ্গলবারও উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।