বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! রাজ্যের ৮০ হাজারের বেশি স্কুলে ২৯৬ কোটিরও বেশি বরাদ্দ, মিলবে একগুচ্ছ সুবিধা

প্রায় চার বছর দীর্ঘ বিরতির পর ফের কম্পোজিট স্কুল গ্রান্ট পেতে চলেছে রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলি। রাজ্যের মোট ৮০,৩৭৫টি স্কুলের জন্য ২৯৬ কোটিরও বেশি টাকা বরাদ্দের কথা ঘোষণা করা হয়েছে। স্কুলের পরিকাঠামো উন্নয়ন, রক্ষণাবেক্ষণ এবং বিভিন্ন প্রয়োজনীয় কাজে এই অর্থ ব্যয় করা হবে।

কী কী খাতে খরচ হবে এই টাকা?

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এই অনুদানের অর্থে বিদ্যালয় পরিচালন সমিতিতে অভিভাবকদের অংশগ্রহণ বাড়ানো, সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়ন এবং মিড-ডে মিলের মানোন্নয়নে বিশেষ জোর দেওয়া হবে। এছাড়া স্কুলগুলিতে সোলার প্যানেল বসানো, রান্নার জন্য গ্যাস সংযোগ প্রদান এবং শিক্ষক নিয়োগের প্রক্রিয়াও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছে।

অনুদান ও কেন্দ্রীয় প্রকল্প নিয়ে ঘোষণা

অনুষ্ঠানে জানানো হয়, দীর্ঘদিন ইউটিলাইজেশন সার্টিফিকেট (Utilisation Certificate) জমা না পড়ার কারণে কেন্দ্র থেকে এই অর্থ বরাদ্দ আটকে ছিল। বর্তমান সরকার সেই আইনি বা প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ করে পুনরায় এই প্রকল্প চালু করল।

পাশাপাশি, ‘PM SHRI’ প্রকল্পের ক্ষেত্রেও বকেয়া ইউটিলাইজেশন সার্টিফিকেট পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। ফলে আগামী দিনে এই প্রকল্পের আওতায় আরও কয়েক হাজার কোটি টাকার কেন্দ্রীয় সহায়তা পাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। সেই সঙ্গে আগামী দিনে জাতীয় শিক্ষানীতি (NEP 2020)-র বিভিন্ন দিক রাজ্যে সফলভাবে বাস্তবায়িত করার উদ্যোগও নেওয়া হবে।