মাদকের বিরুদ্ধে সবচেয়ে বড় লড়াই! আগামী ২ আগস্ট থেকে শুরু হচ্ছে মোদীর মেগা দেশজোড়া অভিযান!

এক ‘নেশা মুক্ত ভারত’ এবং ‘বিকশিত ভারত ২০৪৭’ গড়ার লক্ষ্য নিয়ে এক যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২ আগস্ট প্রধানমন্ত্রী ‘নশা মুক্ত যুবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযান’-এর আনুষ্ঠানিক সূচনা করতে চলেছেন। এই কর্মসূচির মাধ্যমে দেশের যুবসমাজকে ‘জন ভাগিদারি’ বা গণ-অংশগ্রহণের মাধ্যমে মাদকের বিরুদ্ধে এক সর্বভারতীয় গণ-আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

এক কোটি যুবকের মেগা শপথগ্রহণ: প্রধানমন্ত্রীর এই ডাকে সাড়া দিয়ে ‘MY Bharat’ প্ল্যাটফর্মের নেতৃত্বে সারা দেশে এই অভিযান শুরু হতে চলেছে। যুব ও ক্রীড়া মন্ত্রক সূত্রে জানা গেছে, এই উদ্যোগের অঙ্গ হিসেবে আগামী ২ আগস্ট দেশের প্রায় ১০,০০০ আলাদা জায়গায় একই সঙ্গে বিশাল শপথ অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে এক কোটিরও বেশি যুবক-যুবতী মাদকের বিরুদ্ধে লড়াই এবং ‘নেশা মুক্ত যুবা ভলান্টিয়ার’ হিসেবে দেশ গঠনে নিজেদের উৎসর্গ করার অঙ্গীকার করবেন।

এই বিশাল অভিযানে MY Bharat ভলান্টিয়ার, ন্যাশনাল সার্ভিস স্কিম (NSS), বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এনজিও, শিল্প সংস্থা এবং ১২৫টিরও বেশি আধ্যাত্মিক সংগঠন সক্রিয়ভাবে অংশ নেবে। এটি দেশের যুবকদের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে সর্বকালের অন্যতম বৃহত্তম গণ-আন্দোলন হতে চলেছে।

১০০ সপ্তাহের দীর্ঘমেয়াদী কর্মসূচি: এটি কেবল একদিনের কোনো সচেতনতামূলক কর্মসূচি নয়, বরং এটি ১০০ সপ্তাহ ধরে চলা একটানা একটি মেগা আন্দোলন। এই দীর্ঘমেয়াদী কর্মসূচির আওতায় প্রতি রবিবার দেশের বিভিন্ন প্রান্তে যুবকদের নেতৃত্বে নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এর মূল উদ্দেশ্য হল স্বাস্থ্যকর জীবনযাত্রার প্রচার এবং তরুণ প্রজন্মের শক্তিকে ইতিবাচক কাজে লাগানো।

সাপ্তাহিক এই আয়োজনগুলির মধ্যে থাকবে—

  • খেলাধুলো ও ম্যারাথন দৌড়

  • মেডিটেশন সেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • সৃজনশীল প্রতিযোগিতা ও পথনাটক

  • সচেতনতামূলক শিবির ও সামাজিক কার্যকলাপ

এছাড়াও, ভালো কাজ ও অংশগ্রহণকে উৎসাহিত করতে এই অভিযানের ৫০তম, ৭৫তম এবং ১০০তম সপ্তাহে সেরা ভলান্টিয়ার ও সংস্থাকে বিশেষ সম্মাননা জানানো হবে।

সবচেয়ে বড় শক্তি যুবসমাজ: কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রী ডঃ মনসুখ মান্ডব্য দেশের সমস্ত যুবক-যুবতী এবং সামাজিক সংগঠনকে জাতীয় স্বার্থে এই ঐতিহাসিক আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদীর মূল বার্তাটি হল— “নেশামুক্ত যুবকরাই বিকশিত ভারতের সবচেয়ে বড় শক্তি।” এই স্লোগানকে সামনে রেখেই দেশের প্রতিটি গ্রাম ও শহরে এই সংকল্প অভিযানকে সফল করে তোলার প্রস্তুতি চলছে।