মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস! শনির বলয় থেকে সরাসরি নমুনা সংগ্রহ করতে নাসা আনছে অভিনব PRAXIS মিশন

শনির (Saturn) বলয় বা রিং নিয়ে বিজ্ঞানীদের কৌতূহলের শেষ নেই। বহু বছর ধরে বিভিন্ন মহাকাশ অভিযান এই বলয় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিলেও এখনও অনেক প্রশ্নের উত্তর অজানা। সেই রহস্যের জট খুলতে এবার PRAXIS (Planetary Rings Autonomous Exploration with In-situ Sampling) নামে একটি নতুন মিশন কনসেপ্ট নিয়ে কাজ করছে NASA। এই প্রকল্পের লক্ষ্য হল, ইতিহাসে প্রথমবারের মতো শনির বলয় থেকে সরাসরি কণার নমুনা সংগ্রহ করে সেখানেই বিশ্লেষণ করা।

NASA জানিয়েছে, অতীতে Cassini মিশন শনির বলয় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করলেও, বলয়ের কণাকে সরাসরি সংগ্রহ করে পরীক্ষা করার সুযোগ ছিল না। ফলে বলয়ের উৎপত্তি, গঠন, বিবর্তন এবং কণাগুলির পারস্পরিক আচরণ নিয়ে এখনও একাধিক প্রশ্নের উত্তর অমীমাংসিত রয়ে গেছে। PRAXIS সেই শূন্যস্থান পূরণ করার লক্ষ্যেই তৈরি করা হচ্ছে।

রিপোর্ট অনুযায়ী, শনির বলয় মূলত জলীয় বরফের কণা দিয়ে তৈরি। এই কণাগুলির আকার মাইক্রোমিটার-স্তরের ছোট দানা থেকে শুরু করে বাড়ির সমান বড় পাথরের টুকরো পর্যন্ত হতে পারে। বলয়ের মধ্যে এগুলি সবসময়ই চলাচল করে, একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, আবার কখনও ভেঙে যায় বা একত্রিত হয়। এই গতিশীল পরিবেশেই নমুনা সংগ্রহ করা হবে।

AI-চালিত প্রযুক্তির চমক

PRAXIS মিশনের অন্যতম বড় বৈশিষ্ট্য হল এর AI-চালিত রোবোটিক স্যাম্পলিং সিস্টেম। মহাকাশযানটি সরাসরি বলয়ের মধ্যে প্রবেশ করবে না। বরং নিরাপদ দূরত্বে অবস্থান করে একটি দীর্ঘ, নরম ও ভাঁজ করা যায় এমন বুম (Deployable Boom) ব্যবহার করবে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এই বুম চলমান বলয়ের একটি কণাকে নির্ভুলভাবে স্পর্শ করবে, নমুনা সংগ্রহ করবে এবং দ্রুত আবার মহাকাশযানে ফিরে আসবে। এতে সংঘর্ষের ঝুঁকিও অনেকটাই কমবে।

সংগৃহীত নমুনা সঙ্গে সঙ্গেই মহাকাশযানের ভেতরে থাকা ক্ষুদ্র বৈজ্ঞানিক যন্ত্র দিয়ে বিশ্লেষণ করা হবে। গবেষকরা কণার আকার, গঠন, ছিদ্রযুক্ত বৈশিষ্ট্য (Porosity) এবং রাসায়নিক উপাদান পরীক্ষা করবেন। এরপর মহাকাশযানটি শনির বলয়ের অন্য অংশ বা বিভিন্ন ফাঁকা অঞ্চলে গিয়ে একই পদ্ধতিতে নতুন নমুনা সংগ্রহ করবে। এর ফলে বলয়ের বিভিন্ন অঞ্চলের কণার মধ্যে পার্থক্যও বিশ্লেষণ করা সম্ভব হবে।

NASA জানিয়েছে, বর্তমানে PRAXIS এখনও প্রাথমিক ধারণা (Concept) পর্যায়ে রয়েছে এবং এটি NASA Innovative Advanced Concepts (NIAC) কর্মসূচির অধীনে নির্বাচিত হয়েছে। প্রথম ধাপে সিমুলেশন ও সিস্টেম ডিজাইনের মাধ্যমে প্রযুক্তির কার্যকারিতা যাচাই করা হবে। পরবর্তী ধাপে একটি বাস্তব প্রোটোটাইপ তৈরি করার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞানীদের মতে, PRAXIS সফল হলে শুধু শনির বলয় নয়, ইউরেনাস ও নেপচুনের বলয়, এমনকি গ্রহ ও নক্ষত্র গঠনের প্রাথমিক পর্যায় সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। ভবিষ্যতের অন্যান্য গ্রহ অনুসন্ধান অভিযানে এই প্রযুক্তি ব্যবহার করার সম্ভাবনাও রয়েছে।