বদল গেল ‘সবুজ সাথী’! স্কুল পড়ুয়াদের জন্য বিরাট ঘোষণা, জেন নিন নতুন নিয়ম

রাজ্য সরকারের জনপ্রিয় ছাত্রছাত্রী কল্যাণমূলক প্রকল্পে এল বড় পরিবর্তন। এতদিন নবম শ্রেণির পড়ুয়াদের সাইকেল বিতরণ প্রকল্পটি যে নামে পরিচিত ছিল, তার অবসান ঘটিয়ে এবার আসছে নতুন নাম— ‘সারথি’ (SARATHI)। নামের পরিবর্তনের পাশাপাশি সাইকেল বিতরণ প্রক্রিয়ায় আনা হয়েছে কঠোর নজরদারি এবং নতুন নিয়ম।
নবান্ন সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, নতুন ‘সারথি’ প্রকল্পে সাইকেল বিতরণের জন্য ইতিমধ্যেই জেলায় জেলায় গাইডলাইন পাঠিয়ে দেওয়া হয়েছে। শুরু হয়ে গেছে পড়ুয়াদের ডেটা ভেরিফিকেশন বা তথ্য যাচাইয়ের প্রক্রিয়াও।
প্রধান নিয়ম ও নির্দেশিকা একনজরে:
বাধ্যতামূলক পোর্টাল ভেরিফিকেশন: সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকাকে ‘SARATHI’ পোর্টালে লগ-ইন করে নবম শ্রেণির প্রতিটি ছাত্র-ছাত্রীর প্রোফাইল বাধ্যতামূলকভাবে যাচাই করতে হবে।
সংশোধনের কড়া নিয়ম: নির্দেশিকায় পরিষ্কার জানানো হয়েছে, পোর্টালে শুধুমাত্র ছাত্রছাত্রীদের ঠিকানা ও মোবাইল নম্বর সংশোধনের অনুমতি দেওয়া হবে। অন্য কোনও তথ্য পরিবর্তনের প্রয়োজন হলে একেবারে নতুন করে তথ্য এন্ট্রি করতে হবে।
ডবল বেনিফিট চেক: সংশ্লিষ্ট ছাত্র বা ছাত্রী এর আগে কখনও অন্য কোনও সরকারি প্রকল্পের মাধ্যমে সাইকেল পেয়েছে কি না, সেই তথ্যও অত্যন্ত গুরুত্বের সঙ্গে যাচাই এবং আপডেট করতে হবে।
ফাইনাল সাবমিশন: সমস্ত তথ্য নিখুঁতভাবে যাচাই করার পর স্কুল কর্তৃপক্ষকে পোর্টালে ‘Submit’ এবং পরবর্তীতে ‘Finalize’ অপশনটি সিলেক্ট করতে হবে। একবার তথ্য ‘Finalize’ হয়ে গেলে তা আর কোনওভাবেই পরিবর্তন করা সম্ভব নয়।
একাধিক স্তরে ভ্যালিডেশন: স্কুলের পক্ষ থেকে চূড়ান্ত করা তথ্য পরবর্তী সময়ে SI, ASI এবং DI স্তরে ভ্যালিডেশন বা যাচাই হওয়ার পরই পরবর্তী প্রক্রিয়া শুরু হবে।
ডেলিভারি এবং অডিট: ভ্যালিডেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর ‘ডিসট্রিবিউশন মাস্টার রোল’ (Distribution Muster Roll) তৈরি হবে। এরপর ব্লক ও পুরসভা স্তরে সাইকেল বিতরণের ডেলিভারি পয়েন্ট নির্ধারণ করা হবে। সাইকেল বিতরণের পর সমস্ত তথ্য অবিলম্বে পোর্টালে আপলোড করা বাধ্যতামূলক। পাশাপাশি, ভবিষ্যতের সরকারি অডিটের জন্য সমস্ত নথির হার্ড কপিও স্কুলগুলিকে সংরক্ষণ করে রাখতে হবে।
নবান্ন ও শিক্ষা মহলের ধারণা, নতুন এই পোর্টাল ও নিয়মের ফলে সাইকেল বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা আরও বহুগুণ বৃদ্ধি পাবে। জেলার প্রতিটি স্কুলকে ইতিমধ্যে এই নতুন নিয়ম কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।