টানা ৯ বার সিপিআর! মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন বিআরএস-এর প্রাক্তন বিধায়ক

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখোমুখি পৌঁছানো তেলেঙ্গানার বিআরএস-এর প্রবীণ নেতা তথা নরসপেন্টের প্রাক্তন বিধায়ক পেদ্দি সুদর্শন রেড্ডিকে দীর্ঘ প্রচেষ্টায় ফিরিয়ে আনলেন চিকিৎসকরা। রবিবার সকালে হানুমকোন্ডার নিজ বাসভবনে গুরুতর হার্ট অ্যাটাকের শিকার হন তিনি। পরিবারের লোকজন তাঁকে দ্রুত রোহিনী হাসপাতালে নিয়ে যান, যেখানে পৌঁছানোর আগেই তাঁর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হয়ে পড়েছিল। সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুর গুজবও ছড়িয়ে পড়েছিল।

তবে হাসপাতালের বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. সি. মমতা রেড্ডি হার মানেননি। তিনি একটানা ৯ বার সফলভাবে সিপিআর (CPR) প্রদান করে তাঁর হৃদস্পন্দন ফিরিয়ে আনেন। উল্লেখ্য, এর আগেও চলতি বছরের এপ্রিলে অপর এক নেতার প্রাণ বাঁচিয়ে প্রশংসিত হয়েছিলেন এই চিকিৎসক। চিকিৎসা বিজ্ঞানে সময়মতো সঠিক সিপিআর কীভাবে জীবন বাঁচাতে পারে, এই ঘটনা তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।