যুদ্ধের আবহেই কৃষ্ণসাগরে চরম ঝুঁকি! ভারতীয় নাবিকদের জন্য গাইডলাইন জারি করল ভারত সরকার?

কৃষ্ণসাগর এবং সংলগ্ন সমুদ্রপথে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাগরিকদের সুরক্ষা নিয়ে এবার অত্যন্ত কড়া পদক্ষেপ করল ভারত সরকার। ওই অঞ্চলে চলমান তীব্র সামরিক সংঘাতের জেরে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হয়ে উঠেছে বলে জানিয়েছে কেন্দ্র। বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাগরিকদের জন্য একটি বিশেষ নিরাপত্তা সংক্রান্ত অ্যাডভাইজরি জারি করা হয়েছে।

বাড়ছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, মৃত ৫ ভারতীয়

সরকারি অ্যাডভাইজরিতে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, এই সমুদ্রপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলি বর্তমানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাসহ একাধিক গুরুতর নিরাপত্তা ঝুঁকির মুখোমুখি হচ্ছে। বিশেষ করে, ২০২৬ সালের এপ্রিল মাস থেকে এই জলসীমায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। দুভার্গ্যজনকভাবে, এই সমস্ত হামলায় ইতিমধ্যেই ৫ জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে, যা পরিস্থিতিকে আরও বেশি সংবেদনশীল করে তুলেছে।

নাবিকদের জন্য কেন্দ্রের একগুচ্ছ পরামর্শ

যে সমস্ত ভারতীয় নাগরিক সংঘাতপূর্ণ এই এলাকায় চলাচলকারী বা সেই পথ দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজে চাকরি করতে ইচ্ছুক, তাঁদের কাজের প্রস্তাব গ্রহণের আগে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ভালোভাবে মূল্যায়ন করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, যাঁরা এই ধরনের কাজ করবেন, তাঁদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

নাবিকদের সুরক্ষায় নির্দেশিকায় যে সমস্ত বিষয় খতিয়ে দেখতে বলা হয়েছে:

  • রুট ও নোঙর করার স্থান: চাকরিদাতা সংস্থা, নিয়োগকারী এজেন্সি এবং জাহাজ পরিচালনাকারীদের কাছ থেকে জাহাজের নির্ধারিত রুট এবং কোথায় কোথায় জাহাজ নোঙর করবে, সে বিষয়ে স্পষ্ট তথ্য নেওয়া।

  • নিরাপত্তা ও বিমা: জাহাজে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, বিমার পরিধি কতটা এবং জরুরি পরিস্থিতিতে কী ধরনের পদক্ষেপ করা হবে, তা আগাম জেনে রাখা।

  • চুক্তির শর্তাবলি: চাকরির শর্তাবলি আন্তর্জাতিক সামুদ্রিক মানদণ্ড অনুযায়ী হচ্ছে কি না, তা নিশ্চিত করা।

  • চিকিৎসা ও ইভাকুয়েশন: জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা, নিরাপদে সরিয়ে আনা (ইভাকুয়েশন), দেশে ফেরানো এবং উপযুক্ত ক্ষতিপূরণের বন্দোবস্ত আছে কি না, তা যাচাই করা।

এছাড়া নাবিকদের তাঁদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে এবং নিজের যাত্রাপথ সম্পর্কে পরিবারকে বিস্তারিতভাবে অবহিত রাখতে বলা হয়েছে।

মানতে হবে সরকারি নির্দেশিকা ও জরুরি হেল্পলাইন

ডিরেক্টরেট জেনারেল অফ মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন এবং ভারত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জাহাজ পরিচালনাকারী সংস্থা ও সামুদ্রিক নিরাপত্তা কর্তৃপক্ষের জারি করা সমস্ত নির্দেশিকা নিয়মিত মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে, ২০২৬ সালের ২৩ জুলাই বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের অধীন ডিরেক্টরেট জেনারেল অফ মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন কর্তৃক জারি করা সর্বশেষ নিরাপত্তা নির্দেশিকা কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

এই সংঘাতপূর্ণ অঞ্চলে যদি কোনও ভারতীয় নাগরিকের কনস্যুলার সহায়তার প্রয়োজন হয়, তবে তাঁদের অবিলম্বে রাশিয়া ও ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে:

  • রাশিয়ায় ভারতীয় দূতাবাসের জরুরি নম্বর: +7 9652773414

  • ইউক্রেনে ভারতীয় দূতাবাসের যোগাযোগের নম্বর: +38 0933559958