“অনশন ভাঙলেও লড়াই থামছে না!” মোদীর বার্তার পরেই হুঙ্কার তুললেন অভিজিৎ দীপক!

টানা ২৬ দিনের ক্লান্তিহীন ও ঐতিহাসিক আমরণ অনশনের অবশেষে অবসান ঘটল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও বার্তা এবং ক্যাবিনেটে নিট প্রশ্নফাঁস নিয়ে আলোচনার আশ্বাসের পরেই নিজের অনশন প্রত্যাহার করে নিলেন বিশিষ্ট সমাজকর্মী ও পরিবেশবিদ সোনম ওয়াংচুক। বৃহস্পতিবার গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা এবং জিতেন্দ্র সিংহ। জে পি নাড্ডার হাত থেকে খাবার খেয়ে তিনি তাঁর ২৬ দিনের দীর্ঘ অনশন ভাঙেন। অনশন প্রত্যাহারের পর এক্স হ্যান্ডলে এক বার্তায় সোনম জানান, প্রায় ৬৫ জন সংসদ সদস্যের অনুরোধ এবং দীর্ঘ আলোচনার পরেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সকলকে শান্তির পথ বজায় রাখার এবং হিংসা থেকে দূরে থাকার আর্জি জানিয়েছেন। এদিকে, সোনম ওয়াংচুকের অনশন ভাঙার পরই সোশ্যাল মিডিয়ায় একটি জোরালো পোস্ট করেছেন ‘ককরোচ জনতা পার্টি’-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। তিনি লেখেন, “২৬ দিন পরে নিজের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক, আমরা শান্তি পেলাম। আপনার অতুলনীয় সাহসের জন্য অনেক ধন্যবাদ।” তবে সরকারের তরফ থেকে আশ্বাসের পরেও আন্দোলন পুরোপুরি থামাচ্ছে না সিজেপি। অভিজিৎ দীপক স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত যন্তর মন্তরে তাঁদের প্রতিবাদ ও আন্দোলন আগের মতোই তীব্রভাবে জারি থাকবে।