ভিক্ষার ঝুলি নিয়ে কানাডার দরজায় পাকিস্তান! সাড়ে ৪ হাজার কোটি টাকা সাহায্য পেতেই ভারতের বিরুদ্ধে উগড়ে দিল বিষ

সন্ত্রাসবাদে মদদ দেওয়া দেউলিয়া পাকিস্তানের অর্থনৈতিক দুর্দশা নতুন কিছু নয়। সুপার পাওয়ার আমেরিকার পর এবার কানাডার কাছ থেকেও প্রায় ৪,৫৩,৭৫,৪৬,৮৫০ টাকা অর্থাৎ ৪৭ মিলিয়ন ডলারের বিশাল আর্থিক সাহায্য আদায় করে নিল শাহবাজ শরিফ সরকার। গত দুই দশকে কোনো কানাডীয় বিদেশমন্ত্রীর প্রথম পাকিস্তান সফরকালে এই অনুদান দেওয়া হয়। পাকিস্তান এই অর্থ নিরাপত্তা ও উন্নয়নের নামে নিলেও মূলত অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে বিদেশিদের কাছে হাত পাতাই তাদের পুরোনো স্বভাব।
কানাডার ভারতীয় বংশোদ্ভূত বিদেশমন্ত্রী অনিতা আনন্দের এই পাকিস্তান সফরের সুযোগ নিয়ে নিজেদের চরম দুর্দশার কথা তুলে ধরে পাক সরকার। তবে এই বিশাল আর্থিক সাহায্যের বিনিময়ে পাকিস্তান তাদের নাপাক এজেন্ডা বজায় রাখতে ভুল করেনি। কানাডার সামনে ভারত বিরোধী বিষোদগার করে তারা। বিশেষ করে ভারতের সিন্ধু জল চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত এবং কাশ্মীর ইস্যু তুলে ধরে আন্তর্জাতিক মহলে ভারতের বিরুদ্ধে সহানুভূতি কুড়ানোর ব্যর্থ চেষ্টা চালায়।
এর পাশাপাশি রাওয়ালপিন্ডিতে পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনিরের সঙ্গে অনিতা আনন্দের এক গোপন বৈঠকও অনুষ্ঠিত হয়। একদিকে দেশের সাধারণ মানুষকে মৌলিক সুবিধা দিতে ব্যর্থ হয়ে আন্তর্জাতিক মহলে ঋণের জন্য হাত পাতা এবং অন্যদিকে ভারত বিরোধী প্রোপাগান্ডা চালিয়ে যাওয়া—এই দুইয়ের সমন্বয়েই পাকিস্তানের বর্তমান কূটনীত ও অর্থনীতি টিকে রয়েছে।