কলেজছাত্রীদের জন্য ধামাকা উপহার! বিনামূল্যে স্কুটি ও পেট্রোল দেবে যোগী সরকার

উত্তরপ্রদেশ সরকার উচ্চশিক্ষায় ছাত্রীদের উৎসাহিত করতে ‘রানি লক্ষ্মীবাঈ স্কুটি যোজনা’ অনুমোদন করেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আওতায় রাজ্যের মেধাবী স্নাতক ছাত্রীদের বিনামূল্যে স্কুটি দেওয়া হবে, যাতে তাদের যাতায়াতের সমস্যা দূর হয় এবং তারা আত্মনির্ভর হতে পারেন। প্রথম পর্যায়ে প্রায় ৫০ হাজার ছাত্রীকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে।

এই প্রকল্পের সুবিধা পেতে হলে ছাত্রীর পরিবারের বার্ষিক আয় ১২ লক্ষ টাকার কম হতে হবে এবং তার একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক উত্তীর্ণ প্রতিটি প্রতিষ্ঠানের শীর্ষ ৫ শতাংশ মেধাবী ছাত্রীরা অগ্রাধিকার পাবেন। এছাড়া শহীদের কন্যা, আর্থিক দুরবস্থায় থাকা এবং বিশেষভাবে সক্ষম ছাত্রীরাও এর জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

শুধু স্কুটিই নয়, এর রেজিস্ট্রেশন, বীমা খরচ, হেলমেট, প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ এবং ৫ লিটার পেট্রোলও বিনামূল্যে প্রদান করবে রাজ্য সরকার। দেশজুড়ে পেট্রল পাম্পের সহজলভ্যতার কথা মাথায় রেখে আপাতত পেট্রল চালিত স্কুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে একটি বিশেষ অনলাইন পোর্টালের মাধ্যমে স্কুটি কেনা হবে। এই প্রকল্পের মাধ্যমে ছাত্রীদের উচ্চশিক্ষার পথ আরও সুগম ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।