স্বামীকে খুন করে পার পাওয়া গেল না! ৬ মাসের মধ্যে বিচার শেষের কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

ইন্দোরের পরিবহন ব্যবসায়ী রাজা রঘুবংশী হত্যাকাণ্ড মামলায় সুপ্রিম কোর্টের রায়ে প্রধান অভিযুক্ত স্ত্রী সোনম রঘুবংশীর জামিনের আবেদন খারিজ করা হয়েছে। একইসঙ্গে তাকে আগামী তিন সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। মেঘালয় সরকারের করা একটি আপিল আবেদনের শুনানির ভিত্তিতে এই রায় দেয় শীর্ষ আদালত। এর ফলে বহুল আলোচিত এই হানিমুন হত্যাকাণ্ড মামলাটি আবারও নতুন করে সংবাদ শিরোনামে উঠে এসেছে।

পুলিশের তদন্ত অনুযায়ী, গত বছর ২৩শে মে মেঘালয়ের সোহরা এলাকায় হানিমুনে গিয়ে নিখোঁজ হন সোনম ও রাজা। পরবর্তীতে ২০২৫ সালের ২রা জুন একটি গভীর গিরিখাত থেকে রাজার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। আর্থিক সুবিধা পাওয়ার লোভে সোনম ভাড়াটে খুনিদের সঙ্গে হাত মিলিয়ে এই ঠাণ্ডা মাথার খুন পরিকল্পনা করেছিল বলে অভিযোগ উঠেছে।

গ্রেপ্তারির সময় পুলিশি নথিতে আইপিসির ভুল ধারা অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ নিয়ে জামিন পেয়েছিলেন সোনম। তবে সুপ্রিম কোর্ট বর্তমান আদেশে আগামী ছয় মাসের মধ্যে এই মামলার বিচারকার্য সম্পন্ন করার কঠোর নির্দেশ দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বিচার শেষ না হলে সোনম পুনরায় জামিনের আবেদন করতে পারবেন। এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার পাওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল নিহতের পরিবার।