ভিআইপি রোডে বেআইনি দখল উচ্ছেদ মামলায় সশরীরে হাজির জেলাশাসক! কড়া বার্তা দিল কলকাতা হাইকোর্ট

ভিআইপি রোডের দু’ধারে বেআইনি দখলদার উচ্ছেদ বা সরাতে প্রশাসনিক পদক্ষেপের দাবিতে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে সশরীরে হাজির হয়ে রিপোর্ট পেশ করলেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক। এদিন মামলার শুনানিতে রাজ্যকে লাগাতার নজরদারি বজায় রাখার কড়া নির্দেশ দিয়েছে আদালত। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ স্পষ্ট ভাষায় জানিয়েছে, রিপোর্ট জমা দেওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে যাতে জবরদখলকারীরা আবার পুরনো জায়গায় ফিরে আসতে না পারে, তা নিশ্চিত করার সম্পূর্ণ দায়িত্ব জেলাশাসককে নিতে হবে।
এদিনের শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র আদালতে জানান যে, মোট ২৪টি অবৈধ নির্মাণের মধ্যে এখনও পর্যন্ত ১০টি সরিয়ে ফেলা হয়েছে এবং বাকিগুলি সরানোর কাজও বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। তবে এ বিষয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, আদালতের অভিজ্ঞতা বলে যে উচ্ছেদের মাত্র এক সপ্তাহ পার হতে না হতেই জবরদখলকারীরা ফের আগের জায়গায় ফিরে আসে। জেলাশাসক কেবল রিপোর্ট দিয়ে উচ্ছেদের কাজ শেষ করলেই হবে না; এর পরবর্তী সময়েও কড়া নজরদারি রাখতে হবে। আদালত আরও জানিয়েছে, আগামী দিনে দখল উচ্ছেদের রিপোর্ট জমা দেওয়ার পরই মামলাকারী পক্ষ তাঁদের লিখিত আপত্তির কথা জানাতে পারবেন।
রাজ্যকে সতর্ক করে ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, শুধু উচ্ছেদ করে রিপোর্ট দিয়ে দিওয়াল তুললে এবং তার সাত-দশ দিন পর সেখানে ফের বেআইনি নির্মাণ গড়ে উঠলে তা আদালত কোনোভাবেই বরদাস্ত করবে না। এর জবাবে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতে আশ্বাস দিয়ে বলেন যে, ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না এবং এটি কোনো রাজনৈতিক আশ্বাস নয়। সরকার নিশ্চিত করবে যাতে নতুন করে কাউকে সেখানে বসতে না দেওয়া হয়। অন্যদিকে, মামলাকারীর আইনজীবী এই দাবির বিরোধিতা করে আদালতে অভিযোগ করেন যে, বাস্তবে এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট দখলদারকেই যথাযথভাবে সরানো হয়নি।
মামলাকারীর আইনজীবীর আরও দাবি, কেষ্টপুর থেকে দমদম পার্কের সংলগ্ন এলাকার বাঁ দিকে সেচ দফতরের জমিও অবৈধভাবে দখল করে জনবসতি গড়ে তোলা হয়েছে এবং সেখানে হাজার হাজার মানুষ বেআইনিভাবে বসবাস করছেন। পাশাপাশি লেকটাউনেও রাস্তার পাশে অবাধে অবৈধ গাড়ি পার্কিং চলছে। সমস্ত পক্ষের বক্তব্য শোনার পর ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, আইনি এই লড়াইয়ে প্রাথমিকভাবে মামলাকারীর কিছুটা জয় হয়েছে, কারণ এতদিন ধরে যে অচলাবস্থা বা স্থিতাবস্থা তৈরি হয়েছিল, আদালতের হস্তক্ষেপে তা অবশেষে নড়েছে।
আদালত সূত্রে জানা গেছে, আগামী ১৮ আগস্ট এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে। উত্তর ২৪ পরগনার জেলাশাসককে ওই দিন ফের সশরীরে আদালতে হাজির হয়ে আপডেট রিপোর্ট পেশ করতে হবে। উল্লেখ্য, উলটোডাঙা পর্যন্ত ভিআইপি রোডের উভয় পাশে বেআইনি নির্মাণ ও জবরদখলের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপের আর্জি জানিয়ে অর্ধেন্দু নাগ নামের এক ব্যক্তি এই জনস্বার্থ মামলাটি দায়ের করেছিলেন। এর আগের শুনানিতে জেলাশাসক নিজে উপস্থিত না হয়ে লিগাল অফিসারকে পাঠানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করেছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এবং সেই নির্দেশ মেনেই বৃহস্পতিবার জেলাশাসক সশরীরে এসে আদালতে রিপোর্ট জমা দেন।