“২৪ ঘণ্টার মধ্যেই বড় ঘোষণা!”-বাংলায় গঠিত হল সপ্তম বেতন কমিশন, শিগ্রই বাড়বে বেতন?

চলতি অর্থবর্ষের মধ্যেই রাজ্যে সপ্তম বেতন কমিশন চালু করার যে ঘোষণা মঙ্গলবার করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। বুধবার অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়ে গেল সপ্তম বেতন কমিশন। এর ফলে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে খুশির হাওয়া বইছে। এই কমিশন তাদের সুপারিশ কার্যকর করলে কর্মীদের বেতন ও সুযোগ-সুবিধা এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে।
কারা থাকছেন নতুন কমিশনে?
অর্থ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, অত্যন্ত অভিজ্ঞ ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এই কমিশন গঠন করা হয়েছে:
চেয়ারম্যান: ভারতের অর্থ মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক দফতরের প্রাক্তন সচিব অতনু চক্রবর্তী।
সদস্য: সেন্টার ফর পলিসি রিসার্চ (CPR)-এর সিনিয়র ফেলো ড. পার্থ মুখোপাধ্যায় এবং আইআইএম কলকাতার অর্থনীতির অধ্যাপক ড. পার্থ প্রতিম পাল।
সদস্য-সচিব: পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতরের সচিব দেবী প্রসাদ করণম (IAS)।
কমিশনের প্রধান কার্যালয় হবে কলকাতায়, তবে প্রয়োজনে তারা রাজ্যের অন্য স্থান বা দিল্লিতেও বৈঠক করতে পারবে। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৬ মাসের মধ্যে সরকারের কাছে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে কমিশনকে, এমনকি প্রয়োজনে অন্তর্বর্তী রিপোর্টও জমা দেওয়া যাবে।
কী কী বিষয় খতিয়ে দেখবে কমিশন?
নতুন এই বেতন কমিশন রাজ্য সরকারের কর্মীদের আর্থিক উন্নতির কথা মাথায় রেখে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে সুপারিশ করবে:
বেতন ও ভাতা: কর্মচারীদের মূল বেতন, মহার্ঘ ভাতা (ডিএ), বিভিন্ন বিশেষ ভাতা, ভ্রমণ ভাতা এবং নগদ সুযোগ-সুবিধা।
পেনশন ও অবসরকালীন সুবিধা: বর্তমান পেনশনভোগীদের পেনশন সংশোধনের পদ্ধতি এবং অবসর-পরবর্তী অন্যান্য সুবিধা।
প্রশাসনিক সংস্কার: পদোন্নতির নীতি, কর্মদক্ষতা, জবাবদিহি এবং প্রশাসনিক কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্যের বিষয়টিও খতিয়ে দেখবে তারা।
সুপারিশ তৈরির সময় কেন্দ্রীয় সরকারের বেতন কাঠামো, অন্যান্য রাজ্যের মডেল, রাজ্যের আর্থিক সক্ষমতা এবং প্রস্তাবিত অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের (8th CPC) সিদ্ধান্তগুলিও নজরে রাখা হবে বলে জানিয়েছে সরকার।
কারা পাবেন এই সুবিধা এবং কারা বাদ?
রাজ্য সরকারের অধীনস্থ নিয়মিত কর্মচারীদের পাশাপাশি এই কমিশনের আওতায় থাকবেন—
বিভিন্ন স্বশাসিত সংস্থা, বোর্ড ও কর্পোরেশন
উন্নয়ন কর্তৃপক্ষ, পুরসভা ও পঞ্চায়েত
সরকারি সহায়তাপ্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠান ও বিজ্ঞপ্তিতে উল্লিখিত অন্যান্য সংস্থার কর্মীরা।
কাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়? অল ইন্ডিয়া সার্ভিস (IAS/IPS), পশ্চিমবঙ্গ বিচার বিভাগীয় পরিষেবা এবং যাঁদের ক্ষেত্রে ইউজিসি (UGC), এআইসিটিই (AICTE) বা আইসিএআর (ICAR)-এর আলাদা বেতন কাঠামো প্রযোজ্য, তাঁরা এই কমিশনের আওতার বাইরে থাকবেন।