‘ককরোচ’-দের সমর্থনের বার্তা মমতার,-CJP-র বিক্ষোভে যোগ দিতে যাবেন কি ? করলেন ঘোষণা

নিট-ইউজি ২০২৬ (NEET-UG 2026) প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ও শিক্ষা ব্যবস্থার অনিয়মের প্রতিবাদে দেশজুড়ে যে আন্দোলন শুরু হয়েছে, তাকে এবার সরাসরি সমর্থন জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশে জুলাইয়ের শহিদ স্মরণ সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে তিনি ঘোষণা করেন, প্রয়োজন হলে তিনি ব্যক্তিগতভাবে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র বিক্ষোভে গিয়ে শামিল হবেন।
১. সিজেপির বিক্ষোভে যোগ দেওয়ার হুংকার মমতার
এদিন একুশের সভা থেকে কেন্দ্রের শিক্ষানীতি ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেন, “প্রয়োজন হলে আমি ব্যক্তিগতভাবে সিজেপির বিক্ষোভে যোগ দেব। আমরা ইতিমধ্যেই তাদের সমর্থন করেছি। ভবিষ্যতেও তা করে যাব।” তাঁর এই মন্তব্যের পর জাতীয় রাজনীতিতে তরজা আরও তীব্র হয়েছে।
২. প্রধানমন্ত্রীর বাসভবন অভিমুখে কংগ্রেসের মিছিল ও রাহুল গান্ধীর তোপ
ছাত্রছাত্রীদের ওপর দিল্লি পুলিশের লাঠিচার্জ এবং জলকামানের ব্যবহারের প্রতিবাদে মঙ্গলবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন পর্যন্ত এক বিরাট প্রতিবাদ মিছিল করে কংগ্রেস। এই বিক্ষোভে নেতৃত্ব দেন লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী ভঢরা, ডিকে শিবকুমার সহ দলের শীর্ষস্থানীয় নেতারা।
এক্স (X) হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিয়ে রাহুল গান্ধী জানান, তিনি জবাবদিহির দাবিতেই প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে যাচ্ছেন। তাঁর অভিযোগ, সরকার একদিন আগে ছাত্রছাত্রীদের ওপর নির্মম অত্যাচার চালালেও সংসদ বা কোথাও এই নিয়ে আলোচনা করতে বা দায় নিতে সম্পূর্ণ নারাজ।
৩. সিজেপির ৩ দফা দাবি ও দিল্লি পুলিশের তদন্ত
এর আগে সোমবার নিট প্রশ্নফাঁস এবং নানা জাতীয় পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত CJP-র প্রতিনিধিরা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার হাতে একটি স্মারকলিপি জমা দেন। তাঁদের প্রধান ৩টি দাবি হলো:
আন্দোলনকারী সমাজকর্মী সোনম ওয়াংচুকের নিঃশর্ত মুক্তি।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ বা অপসারণ।
NEET প্রশ্নফাঁসের জেরে আত্মঘাতী হওয়া পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি টাকা করে আর্থিক ক্ষতিপূরণ।
এদিকে, দিল্লিতে সিজেপির ‘চলো সংসদ’ মিছিলকে কেন্দ্র করে ছড়ানো হিংসার ঘটনায় তদন্তে নেমেছে দিল্লি পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক হওয়া ব্যক্তিরা সবাই শুধু ছাত্র নন; এর নেপথ্যে কোনো বৃহত্তর ষড়যন্ত্র বা পাকিস্তানের সঙ্গে যুক্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। সবমিলিয়ে, নিট আন্দোলনের জেরে এই মুহূর্তে উত্তপ্ত রয়েছে জাতীয় রাজধানী।