আধার কার্ড ব্যবহার করেন? এই ‘লক’ না করলে বিপদ! এখনই জেনে নিন জরুরি নিয়ম

ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান সচেতনতার মধ্যেই কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক (MeitY) আধার সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ পরিসংখ্যান প্রকাশ করেছে। রিপোর্ট অনুযায়ী, ‘আধার অ্যাপ’ (Aadhaar App) ডাউনলোডের সংখ্যা ইতিমধ্যেই ৪ কোটি ছাড়িয়েছে। এর মধ্যে ১ কোটি ৯১ লক্ষেরও বেশি গ্রাহক নিজেদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে সক্রিয়ভাবে আধারের ‘বায়োমেট্রিক লক বা আনলক’ (Biometric Lock/Unlock) ফিচারটি ব্যবহার করছেন।
কী এই আধার বায়োমেট্রিক লক? এটি একটি বিশেষ সুরক্ষা কবচ, যার মাধ্যমে আপনি আপনার আঙুলের ছাপ (Fingerprint), চোখের মণি (Iris) এবং মুখমণ্ডলের বায়োমেট্রিক তথ্য সাময়িকভাবে লক করে রাখতে পারেন। একবার এই ফিচারটি চালু করলে, আপনি নিজে আনলক না করা পর্যন্ত কোনো ব্যক্তি বা সংস্থা আপনার বায়োমেট্রিক যাচাই (Authentication) করতে পারবে না।
লক থাকা অবস্থায় কেউ যদি আপনার আধার নম্বর ব্যবহার করে বায়োমেট্রিক যাচাইয়ের বেআইনি চেষ্টা করেন, তবে সেই প্রক্রিয়াটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এবং স্ক্রিনে ‘এরর কোড ৩৩০’ (Error code 330) প্রদর্শিত হবে। এটি নিশ্চিত করে যে আপনার বায়োমেট্রিক তথ্য সুরক্ষিত রয়েছে।
কারা এই সুবিধা পাবেন? এই সুরক্ষার সুবিধা পাওয়ার একমাত্র শর্ত হলো, আপনার আধার কার্ডের সঙ্গে বর্তমান মোবাইল নম্বরটি লিঙ্ক বা সংযুক্ত থাকা।
কীভাবে করবেন আধার বায়োমেট্রিক লক? স্মার্টফোনে আধার অ্যাপের মাধ্যমে মাত্র কয়েকটি ক্লিকেই আপনি এই সুরক্ষা নিশ্চিত করতে পারেন:
১. প্রথমে আপনার ফোনে আধার অ্যাপটি ওপেন করুন এবং ৬ অঙ্কের পিন (PIN) দিয়ে লগ-ইন করুন। ২. অ্যাপের হোম স্ক্রিনে থাকা আপনার আধার কার্ডের ঠিক নিচেই ‘Biometric Lock/Unlock’ অপশনটি দেখতে পাবেন, সেখানে ট্যাপ করুন। ৩. এরপর বায়োমেট্রিক লক করার জন্য সম্মতি (Confirm) দিন। ব্যস, আপনার বায়োমেট্রিক এখন সুরক্ষিত!