চোখে সানগ্লাস পরে মঞ্চে রণবীর! নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ নিয়ে সামনে এল এমন তথ্য, যা কেউ ভাবেনি

নীতীশ তিওয়ারি পরিচালিত প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’ এবং তাতে রামের অবতারে রণবীর কাপুরকে দেখার পর থেকেই বিশ্বজুড়ে দর্শকদের মধ্যে কৌতুহল তুঙ্গে রয়েছে। আর সেই উন্মাদনাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিতেই আগামী ২৪ জুলাই বিশ্বমঞ্চে অফিসিয়াল ট্রেলার মুক্তির ঠিক আগে, খোদ রাজধানী দিল্লিতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়ে গেল এই মহাকাব্যিক ছবির আনুষ্ঠানিক যাত্রা। শুক্রবার নয়াদিল্লির ঐতিহাসিক ভারত মণ্ডপমে আয়োজিত ‘প্রথম সংকল্প’ নামক এই বিশেষ মেগা ইভেন্টে উপস্থিত ছিল ছবির পুরো স্টার কাস্ট।
এদিনের এই বিশেষ অনুষ্ঠানে রণবীর কাপুর, যশ, সাই পল্লবী, শোভনা, সানি দেওল, রবি দুবে, রকুল প্রীত সিং, বিবেক ওবেরয়, অজিঙ্ক দেও, অরুণ গোভিল এবং কুণাল কাপুরের মতো প্রথম সারির তারকারা একসঙ্গে মঞ্চ মাতান। তাঁরা চলচ্চিত্রটির সুবিশাল ক্যানভাস এবং প্রধান চরিত্রগুলির এক মনোমুগ্ধকর ঝলক সকলের সামনে তুলে ধরেন। এমনকি, সেখানে উপস্থিত কিছু নির্বাচিত এবং সৌভাগ্যবান দর্শকদের জন্য ছবির ট্রেলারের একটি এক্সক্লুসিভ প্রিভিউও দেখানো হয়, যা দর্শকদের উত্তেজনাকে এক অন্য মাত্রায় পৌঁছে দেয়।
চোখের সামান্য সংক্রমণের কারণে বিশেষ রোদচশমা পরে অনুষ্ঠানে যোগ দেন অভিনেতা রণবীর কাপুর। ভগবান রামের মতো একটি পবিত্র চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা প্রসঙ্গে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, “এই চরিত্রটি আমাকে অভিনয় করার জন্য নিজেই বেছে নিয়েছে।” উল্লেখ্য, রামানন্দ সাগরের কালজয়ী ধারাবাহিক ‘রামায়ণ’-এর রাম অর্থাৎ প্রবীণ ও শ্রদ্ধেয় অভিনেতা অরুণ গোভিলের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, “আমি অরুণজির রামের রূপ দেখেই বড় হয়েছি। তিনি যে অতুলনীয় সততা ও মর্যাদার সঙ্গে এত বছর এই দায়িত্ব সামলেছেন, তার সামান্য অংশও যদি আমি পর্দায় ফুটিয়ে তুলতে পারি, তবেই আমার সমস্ত পরিশ্রম সার্থক হবে।”
অন্যদিকে, দেবী সীতার চরিত্রে অভিনয়ের সুবর্ণ সুযোগ পাওয়ায় অভিনেত্রী সাই পল্লবী নির্মাতাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই ঐতিহাসিক চরিত্রটিকে তাঁর অভিনয় জীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি জানান, “পর্দায় একজন দেবীর চরিত্রে অভিনয় করা মোটেও সহজ কাজ নয়। এমন মহৎ সুযোগ একজন শিল্পীর জীবনে বারবার আসে না।” অন্যদিকে, পরিচালক নীতেশ তিওয়ারি মুখ খুলেছেন কেন রণবীর ও সাই পল্লবীই তাঁর কাস্টিংয়ের প্রথম পছন্দ ছিলেন। তাঁর কথায়, “একজন শিল্পীর চোখ কখনো মিথ্যা কথা বলে না। আমি সবসময়ই রণবীরের চোখের মধ্যে ভগবান রাম এবং সাইয়ের চোখের মধ্যে দেবী সীতার আসল রূপ দেখতে পেয়েছি।”
অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল লঙ্কেশ অর্থাৎ রাবণের ভূমিকায় অভিনয় করা দক্ষিণী সুপারস্টার ‘যশ’ এবং হনুমানের চরিত্রে অভিনেতা সানি দেওলের আকস্মিক উপস্থিতি। যশ ছবিটির বিশাল দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন। পাশাপাশি, সানি দেওল তাঁর চরিত্রটিকে কিছুটা চঞ্চল বলে বর্ণনা করে জানান যে, এই ছবির দ্বিতীয় খণ্ডে তাঁর চরিত্রের পরিধি আরও অনেক বেশি বিস্তৃত হবে। উল্লেখ্য, তরুণ সুরকার ঋষভ রিখিরাম শর্মার জাদুকরি সেতার বাদনের মাধ্যমেই এই মহা অনুষ্ঠানের সূচনা হয়েছিল। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুরকার হ্যান্স জিমার এবং এ আর রহমানের পাশাপাশি ঋষভও এই ছবির বিশ্বমানের সঙ্গীত পরিচালনায় যুক্ত রয়েছেন।
ছবির অন্যতম প্রযোজক নামিত মালহোত্রা সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, এই কালজয়ী ভারতীয় মহাকাব্যকে বড় পর্দায় ফুটিয়ে তোলার নেপথ্যে রয়েছে দীর্ঘ এক দশকের সুচিন্তিত পরিকল্পনা এবং প্রায় ১০,০০০ মানুষের অক্লান্ত পরিশ্রম। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সম্পূর্ণ অভূতপূর্ব স্কেলে এবং ব্যপক বাজেটে তৈরি এই মেগা প্রজেক্ট ‘রামায়ণ’-এর অফিসিয়াল ট্রেলার আগামী ২৪ জুলাই আন্তর্জাতিক মঞ্চে আত্মপ্রকাশ করতে চলেছে।