বিশ্বকাপ ফাইনালের আগে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট! কেন এমন সিদ্ধান্ত নিলেন হাভিয়ের মিলেই?

বিশ্বকাপের মহাদিন। একদিকে মাঠ কাঁপাবে আর্জেন্টিনা এবং স্পেন, অন্যদিকে ফাইনালে গ্যালারিতে থাকছেন না খোদ আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোর মতো বিশ্ববিখ্যাত ব্যক্তিদের সঙ্গে বসে ফাইনাল দেখার সুযোগ থাকা সত্ত্বেও কেন এই সিদ্ধান্ত? উত্তরটা লুকিয়ে আছে এক অদ্ভুত বিশ্বাস আর ‘লাকি চার্ম’-এ।
আমেরিকার নিউ জার্সির স্টেডিয়ামে হাজির হওয়ার পরিবর্তে মিলেই নিজের সরকারি বাসভবন ওলিভোস থেকে টিভিতে খেলা দেখা পছন্দ করছেন। প্রেসিডেন্ট জানিয়েছেন, এই টুর্নামেন্টে আর্জেন্টিনার আগের সাতটি ম্যাচ তিনি ঠিক এই জায়গা থেকেই দেখেছেন এবং দল প্রতিটি ম্যাচেই জিতেছে। তাই সাফল্যের এই ধারা অক্ষুণ্ণ রাখতে তিনি কোনো ঝুঁকি নিতে রাজি নন। এই ‘লাকি চার্ম’ ধরে রাখার পেছনে রয়েছে একটি বিশেষ জ্যাকেট। স্থানীয় রেডিও স্টেশন ‘এল অবজারভেটরি’-কে মিলেই নিজেই তাঁর এই বিশ্বাসের কথা জানিয়েছেন। তিনি বলেন, “ঠান্ডা থাকা সত্ত্বেও আমি হিটার চালাই না। বদলে একটা তেল কোম্পানির লোগো দেওয়া মোটা জ্যাকেট পরে থাকি।”
ঘটনাটি বেশ মজার। সুইজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের সময় গরম লাগায় তিনি জ্যাকেটটি খুলে ফেলেছিলেন। আর ঠিক তখনই আর্জেন্টিনা গোল হজম করে। মিলেই জানান, “আমি তৎক্ষণাৎ জ্যাকেটটা আবার পরে নিই এবং খেলা শেষ না হওয়া পর্যন্ত তা খুলিনি।” লাতিন আমেরিকায় একে বলা হয় ‘কাবালাস’ (Cabalas)—অর্থাৎ জয়ের জন্য পালন করা এক ধরণের কঠোর অলৌকিক বিশ্বাস। আর্জেন্টাইনদের কাছে এটি ডাল-ভাত। জয়ী দলের সমর্থকরা পুরো টুর্নামেন্টে একই জার্সি না কেচে পরা বা একই জায়গায় বসে খেলা দেখার মতো নিয়ম অক্ষরে অক্ষরে পালন করেন।
কিন্তু প্রেসিডেন্টদের এই দূরে থাকার পেছনে আরও একটি গভীর ঐতিহাসিক কারণ আছে। ১৯৯০ সালের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট কার্লোস মেনেম। তিনি খেলোয়াড়দের সঙ্গে দেখা করেন, কিন্তু ম্যাচটি আর্জেন্টিনা অপ্রত্যাশিতভাবে হেরে যায়। সেই থেকে মেনেমকে ‘মুফা’ বা ‘অপয়া’ তকমা দেওয়া হয়। সেই তিক্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তি এড়াতে এবং দলের জয়ের ধারা বজায় রাখতে মিলেই এবার আর মাঠে যাচ্ছেন না। ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিত্বদের পাশে থাকার চেয়ে তিনি তাঁর জ্যাকেট পরে বাড়িতে বসেই দলের ভাগ্যনিয়ন্ত্রক হতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। ফুটবলপ্রেমী আর্জেন্টিনার প্রেসিডেন্ট কি পারবেন তাঁর এই অদ্ভুত ‘কাবালাস’ দিয়ে দলকে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতাতে? উত্তরের অপেক্ষায় গোটা বিশ্ব।