মর্মান্তিক! গেট খোলা থাকতেই ট্রেনের ধাক্কা স্কুলবাসে, বহরমপুরে ঝরল খুদে পড়ুয়ার প্রাণ

সাত সকালে মুর্শিদাবাদের বহরমপুরে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। শুক্রবার সকালে স্কুলের ছাত্রবোঝাই একটি গাড়ি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়ায় গোটা এলাকা শোকস্তব্ধ। এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ২ জন স্কুল পড়ুয়ার মৃত্যুর খবর পাওয়া গেছে এবং একাধিক ছাত্র গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার অন্তর্গত কর্ণসুবর্ণ গোবিন্দপুরের কাছে একটি লেভেল ক্রসিং-এ।
প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী, শুক্রবার সকালে যখন এই দুর্ঘটনা ঘটে, তখন রেল গেটটি খোলা ছিল। সকালে একটি আপ লাইনের ট্রেন চলে যাওয়ার পর গেটটি খুলে দেওয়া হয়। কিন্তু এরপরই আচমকা আরও একটি ট্রেন চলে আসায় এই ভয়াবহ বিপত্তি ঘটে। নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই স্কুলগাড়ি এবং এক সাইকেল আরোহীকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনার আকস্মিকতায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত উদ্ধারকাজে হাত লাগান।
আহত পড়ুয়াদের উদ্ধার করে তড়িঘড়ি কর্ণসুবর্ণ ব্লক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আঘাত গুরুতর হওয়ায় যাদের অবস্থা আশঙ্কাজনক, তাদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। রেল গেট খোলা থাকা সত্ত্বেও কীভাবে ট্রেন চলে এল এবং এই গাফিলতির জন্য কে দায়ী, তা নিয়েই প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। রেল কর্তৃপক্ষের তরফে দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্তের দাবি জানানো হয়েছে।
বর্তমানে এলাকায় থমথমে পরিবেশ। আহত শিশুদের পরিবারবর্গের কান্নায় ভারী হয়ে উঠেছে হাসপাতালের আকাশ-বাতাস। প্রশাসনের তরফে দ্রুত সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং উদ্ধারকাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। স্কুলের পড়ুয়াদের অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।