বিশ্ব অর্থনীতিতে নতুন চমক! আমেরিকার ফেডারেল রিজার্ভের টাস্কফোর্সে ডাক পেলেন রঘুরাম রাজন

বিশ্ব অর্থনীতির কেন্দ্রবিন্দুতে ফের একবার ভারতীয় মেধার জয়গান। মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাঙ্ক ‘ফেডারেল রিজার্ভ’-এর আর্থিক নীতি নির্ধারণের লক্ষ্যে গঠিত বিশেষজ্ঞ প্যানেল বা টাস্কফোর্সে স্থান পেলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। ফেডারেল রিজার্ভের নবনিযুক্ত চেয়ারম্যান কেভিন ওয়ারশ দেশের জটিল আর্থিক পরিস্থিতি সামাল দিতে পাঁচটি বিশেষ ক্ষেত্রে পর্যালোচনার জন্য পাঁচটি পৃথক টাস্কফোর্স গঠনের ঘোষণা করেছেন। এই গুরুত্বপূর্ণ প্যানেলগুলিতে রাজন ছাড়াও জায়গা করে নিয়েছেন রাজ চেট্টি এবং আশা শর্মার মতো বিশ্বখ্যাত ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিত্বরা।
ফেডারেল রিজার্ভের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্যানেলগুলি সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে। এদের কাজ হবে অর্থনীতিবিদ, ব্যবসায়ী নেতা এবং প্রাক্তণ কেন্দ্রীয় ব্যাঙ্ক কর্মকর্তাদের সমন্বয়ে মার্কিন অর্থনীতির কর্মপদ্ধতি বিশ্লেষণ করা। এই প্যানেলগুলি ফেডারেল ওপেন মার্কেট কমিটির (এফওএমসি) কাছে তাদের সুপারিশ জমা দেবে।
বিখ্যাত অর্থনীতিবিদ রঘুরাম রাজনকে রাখা হয়েছে ব্যালেন্স শিট নীতি পর্যালোচনা সংক্রান্ত প্যানেলে। হার্ভার্ডের অর্থনীতিবিদ কারেন ডাইনান এবং ফেডের প্রাক্তণ গভর্নর জেরেমি স্টেইনের সঙ্গে একত্রে তিনি ফেডারেল রিজার্ভের ব্যালেন্স শিটের খরচ ও সুবিধা খতিয়ে দেখবেন। অন্যদিকে, রাজ চেট্টিকে দায়িত্ব দেওয়া হয়েছে আর্থিক তথ্যের গুণগত মান ও উপযোগিতা বৃদ্ধির কমিটিতে। রিয়েল-টাইম প্রশাসনিক ডেটা ব্যবহার করে অর্থনৈতিক গতিশীলতা ও শ্রমবাজার নিয়ে কাজের ক্ষেত্রে রাজ চেট্টি বিশ্বজুড়ে সমাদৃত। এই কমিটিতে তাঁর সঙ্গে থাকছেন ডগ ম্যাকমিলন ও কেভিন মারফি।
প্রযুক্তির যুগে আর্থিক প্রভাব মূল্যায়নের জন্য গঠিত টাস্কফোর্সে স্থান পেয়েছেন মাইক্রোসফটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আশা শর্মা। কৃত্রিম বুদ্ধিমত্তা ও নতুন প্রযুক্তির প্রয়োগ কীভাবে অর্থনীতির ওপর প্রভাব ফেলছে, তা খতিয়ে দেখাই হবে তাঁর মূল কাজ। এই কমিটিতে তাঁর সহযোগী হিসেবে থাকছেন সিলিকন ভ্যালির মার্ক অ্যান্ড্রেসেন ও স্ট্যানফোর্ডের চার্লস আই জোনস।
এছাড়াও মুদ্রাস্ফীতির কারণ অনুসন্ধান এবং আর্থিক নীতি প্রকাশের স্বচ্ছতা বজায় রাখার মতো গুরুত্বপূর্ণ কাজের জন্য পৃথক প্যানেল গঠিত হয়েছে, যেখানে মারভিন কিং ও আর্মিনিও ফ্রাগার মতো প্রখ্যাত আন্তর্জাতিক অর্থনীতিবিদরা কাজ করবেন। ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ারশ জানিয়েছেন, মার্কিন অর্থনীতি বর্তমানে এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। তাই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যেই এই নতুন বিশেষজ্ঞ প্যানেলগুলোকে কাজে লাগানো হচ্ছে। বিশ্বজুড়ে অস্থির আর্থিক পরিস্থিতির মাঝে ফেডারেল রিজার্ভের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ভারতীয় বিশেষজ্ঞদের ওপর আস্থা রাখা প্রমাণ করে যে বিশ্ব অর্থনীতির পরবর্তী রূপরেখা নির্ধারণে ভারতীয় মেধার গুরুত্ব অপরিসীম।