অচিন্ত্য আইচ বনাম দিগ্বিজয় সিংহ! সব্যসাচী-ঋত্বিকের মহাযুদ্ধে তোলপাড় হতে চলেছে হইচই

হইচই-এর অন্যতম জনপ্রিয় কোর্টরুম কমেডি-ড্রামা সিরিজ ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ’ ফিরছে তার বহু প্রতীক্ষিত তৃতীয় সিজন নিয়ে। আগের সিজনগুলোর অভাবনীয় সাফল্যের পর, এবার আরও বড় আইনি লড়াই, টানটান উত্তেজনা, আবেগঘন মুহূর্ত এবং রহস্যে ভরপুর গল্প নিয়ে দর্শকদের সামনে হাজির হতে চলেছে এই সিরিজ। জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় এই নতুন সিজনের সবচেয়ে বড় চমক হলো বর্ষীয়ান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। দীর্ঘ অভিনয় জীবনে এই প্রথম তিনি কোনো ওটিটি প্ল্যাটফর্মের ওয়েব সিরিজে কাজ করছেন, যা দর্শকদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি করেছে।
সিরিজে সব্যসাচী চক্রবর্তীকে দেখা যাবে অত্যন্ত প্রভাবশালী প্রতিরক্ষা আইনজীবী ‘দিগ্বিজয় সিংহ’-এর চরিত্রে। তাঁর বিপরীতে আবারো জনপ্রিয় আইনজীবী ‘অচিন্ত্য আইচ’-এর চরিত্রে ফিরে আসছেন ঋত্বিক চক্রবর্তী। এই সিজনের প্লট আগের দুই সিজনের থেকে অনেকটাই আলাদা। এর আগে ডিফেন্স লয়ার হিসেবে দেখা গেলেও, এবার অচিন্ত্য আইচ প্রথমবারের মতো প্রসিকিউটর হিসেবে আদালতে লড়বেন। ফলে, দুই দিকপাল অভিনেতা—সব্যসাচী এবং ঋত্বিক—যখন আদালতের কাঠগড়ায় একে অপরের মুখোমুখি হবেন, তখন তা দর্শকদের জন্য এক অতুলনীয় অভিজ্ঞতার সৃষ্টি করবে।
এই সিজনে নতুন মুখ হিসেবে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিঠু চক্রবর্তী, অভিষেক বসু এবং ঈশা সাহাকে। ঈশা সাহা অভিনয় করছেন ‘দেবযানী রায় বর্মণ’-এর চরিত্রে, যিনি এই রহস্যময় মামলার কেন্দ্রীয় চরিত্রগুলোর অন্যতম। এছাড়া অচিন্ত্যের স্ত্রী গীতার ভূমিকায় খেয়া চট্টোপাধ্যায় এবং বিশ্বস্ত সহকারী ভীমের চরিত্রে দেবরাজ ভট্টাচার্য আবারও তাদের সাবলীল অভিনয়ে দর্শকদের মুগ্ধ করতে প্রস্তুত।
গল্পের প্রেক্ষাপট কলকাতা শহর। শহরের এক চাঞ্চল্যকর প্রতারণার মামলাকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে এই সিজনের কাহিনী। ধনী ব্যবসায়ী নীল রায় বর্মণ এক পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন বলে পরিবারের সবাই ধরে নেয়। তাঁর স্ত্রী দেবযানী যখন সম্পত্তির উত্তরাধিকারী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই শেষকৃত্যের দিন নাটকীয়ভাবে এক ব্যক্তি নিজেকে ‘নীল’ বলে দাবি করে হাজির হন। এরপরই শুরু হয় আসল রহস্য। একদিকে পারিবারিক গোপন তথ্য, অন্যদিকে ব্ল্যাকমেল, খুন ও প্রতিশোধের জটিল ষড়যন্ত—সব মিলিয়ে সিরিজটি হয়ে উঠেছে এক আইনি গোলকধাঁধা।
সিরিজে যুক্ত হওয়া প্রসঙ্গে সব্যসাচী চক্রবর্তী বলেন, “দিগ্বিজয় সিংহ চরিত্রের গভীরতা এবং চিত্রনাট্য আমাকে মুগ্ধ করেছে। এমন বুদ্ধিমান ও ব্যক্তিত্বসম্পন্ন চরিত্রে অভিনয় করাটা ভীষণ তৃপ্তিদায়ক। পরিচালক জয়দীপ আমার পুরনো বন্ধু, আর ঋত্বিকের সঙ্গে কোর্টরুম ড্রামায় কাজ করার অভিজ্ঞতা ছিল এক কথায় দারুণ।” ঋত্বিক চক্রবর্তীও তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “অচিন্ত্য আইচ চরিত্রে ফেরাটা সবসময়ই স্পেশাল। এবার প্রতিপক্ষ হিসেবে সব্যসাচীদার মতো কিংবদন্তি অভিনেতাকে পাওয়াটা বড় চ্যালেঞ্জ। প্রসিকিউটর হিসেবে আমার নতুন পথচলা দর্শকরা কতটা পছন্দ করবেন, তা দেখার অপেক্ষায় আছি।”
পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের কথায়, “আমরা গল্পের আইনি দিক এবং আবেগ—দুটোকেই নতুন উচ্চতায় নিয়ে গিয়েছি। সব্যসাচীদা এবং ঋত্বিকের অনবদ্য অভিনয় এই সিজনটিকে এক অনন্য মাত্রায় নিয়ে গেছে।” সব মিলিয়ে ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ ৩’ যে হইচই ওটিটি প্ল্যাটফর্মে নতুন ইতিহাস তৈরি করতে চলেছে, তা বলাই বাহুল্য।