নিউটাউনে যাত্রীবোঝাই বাসের ভয়াবহ দুর্ঘটনা! গার্ডওয়ালে ধাক্কায় রক্তাক্ত একাধিক যাত্রী

সপ্তাহের শুরুতেই পথ দুর্ঘটনার বলি শহর। মঙ্গলবার সকালের ব্যস্ত সময়ে নিউটাউনে একটি যাত্রীবোঝাই বাসের ভয়াবহ দুর্ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গার্ডওয়ালে সজোরে ধাক্কা মারল ওই বাসটি। দুর্ঘটনায় অন্তত তিন জন গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকাল ৭টা ২০ মিনিট নাগাদ বাসটি নিউটাউন থেকে সাপুরজির দিকে যাচ্ছিল। কোল ইন্ডিয়া ভবনের সামনে হঠাৎই চালক বাসের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি তীব্র গতিতে রাস্তার গার্ডওয়ালে গিয়ে আছড়ে পড়ে। ধাক্কা এতই জোরালো ছিল যে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার সময় বাসে প্রায় ২০ থেকে ৩০ জন যাত্রী ছিলেন। ঘটনার আকস্মিকতায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে, চারদিকে আর্তনাদ শুরু হয়ে যায়। স্থানীয় মানুষ এবং পথচারীরা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউটাউন থানার পুলিশ। আহতদের দ্রুত উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে খতিয়ে দেখছে এটি যান্ত্রিক ত্রুটি নাকি চালকের চরম গাফিলতি।

রাস্তায় নিরাপত্তা নিয়ে যখন বারবার প্রশ্ন উঠছে, ঠিক তখনই একের পর এক দুর্ঘটনা শহরের বুকে আতঙ্ক বাড়াচ্ছে। কয়েকদিন আগেই ময়দানে পুলকার দুর্ঘটনার কবলে পড়ে ১০ জন পড়ুয়া। সেই ঘটনায় তিন জন পড়ুয়া গুরুতর আহত হয়েছিল। বেপরোয়া গতির জেরেই সেই দুর্ঘটনা ঘটেছিল বলে অভিযোগ। এমনকি চলতি মাসের ১ তারিখেও কালিকাপুর ও রুবি মোড়ের মাঝে এক অ্যাপ-ক্যাব বাইকের চালক মেট্রোর পিলারে সজোরে ধাক্কা মারলে শেখ শাহনাওয়াজ নামে বছর ৩০-র এক যুবকের মৃত্যু হয়।

পরপর এই দুর্ঘটনাগুলোর জেরে শহরের ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। চালকদের বেপরোয়া মনোভাব এবং যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষার গাফিলতিকেই মূল কারণ হিসেবে দেখছেন সাধারণ মানুষ। নিউটাউনের এই দুর্ঘটনার তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। একই সঙ্গে বাসের চালকের শারীরিক অবস্থা ও নথিপত্রও পরীক্ষা করা হচ্ছে। শহরের ক্রমবর্ধমান এই পথ দুর্ঘটনা রুখতে ট্রাফিক পুলিশকে যে আরও কড়া পদক্ষেপ নিতে হবে, তা বলাই বাহুল্য। আপাতত আহতদের চিকিৎসা চলছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে নিউটাউন থানা।