অ্যাকাউন্ট ফ্রিজ থেকে UCC—পশ্চিমবঙ্গে বড় বদলের পথে বিজেপি? মুখ খুললেন অর্জুন সিং

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে রাজনৈতিক পারদ তুঙ্গে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর এই সিদ্ধান্তের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে। তবে আইনি লড়াইয়ের মাঝেই রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিংয়ের সাম্প্রতিক মন্তব্য নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।

‘বিদেশের অ্যাকাউন্টও তদন্তের আওতায়’ শনিবার রাতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্জুন সিং সরাসরি আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। তিনি দাবি করেন, “শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া নয়, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে থাকা গোপন অ্যাকাউন্টগুলির টাকাও দেশে ফিরিয়ে আনা হবে।” তাঁর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

UCC ও ‘গুণ্ডা দমন আইন’ নিয়ে বড় ঘোষণা অ্যাকাউন্ট বিতর্ক ছাড়াও রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড (UCC) নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন পরিবহণ মন্ত্রী। তিনি জানান, রাজ্যে শীঘ্রই ‘গুণ্ডা দমন আইন’ কার্যকর করা হবে। একইসঙ্গে সারা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গজুড়েও UCC লাগু করা হবে বলে দাবি করেন তিনি।

UCC-র খসড়া তৈরিতে তৎপর রাজ্য ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকার ইউনিফর্ম সিভিল কোড নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। সংবিধানের ৪৪ নম্বর অনুচ্ছেদকে সামনে রেখে ‘The Uniform Civil Code, West Bengal, 2026’ নামে একটি খসড়া বিল তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। ৯ সদস্যের একটি বিশেষ কমিটি এই বিলের খসড়া পর্যালোচনা করছে।

এই বিলের মূল লক্ষ্য হলো—ধর্ম, বিশ্বাস বা সম্প্রদায় নির্বিশেষে রাজ্যের সমস্ত নাগরিকের জন্য বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার এবং উইলের মতো ব্যক্তিগত দেওয়ানি আইনের ক্ষেত্রে একটি অভিন্ন আইনি কাঠামো তৈরি করা।

একদিকে তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে আইনি লড়াই, অন্যদিকে রাজ্যে UCC ও নতুন আইনের প্রস্তাবনা—পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপট এখন কার্যত অগ্নিগর্ভ। সোমবার হাইকোর্টের শুনানি এবং সরকারি পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছে ওয়াকিবহাল মহল।