পাকিস্তান পুলিশের সার্ভারে সাইবার হানা! ভারত ও চীনের নাম জড়িয়ে চাঞ্চল্যকর রিপোর্ট

সেন্টিনেলল্যাবসের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের এপ্রিলের মধ্যে চারটি বড় সাইবার গুপ্তচরবৃত্তি অভিযান চালানো হয়েছে। এর মধ্যে তিনটি অভিযানের সাথে চীনের এবং একটি অভিযানের সাথে ভারতের যোগসূত্র থাকার ইঙ্গিত মিলেছে।

নিশানায় কী কী ছিল? বেলুচিস্তান পুলিশের নেটওয়ার্ক সরঞ্জাম, ইমেল গেটওয়ে এবং সাতটি অনলাইন অ্যাপ্লিকেশন হ্যাকারদের লক্ষ্য ছিল। এর মধ্যে রয়েছে:

  • পুলিশ কর্মীদের রেকর্ড ও অপরাধমূলক তথ্য।

  • চুরি হওয়া গাড়ির ডাটাবেস।

  • হোটেল অতিথিদের নিবন্ধন ও বাড়িওয়ালা-ভাড়াটে তথ্য।

  • অভিযোগ ব্যবস্থাপনা পোর্টাল ও এফআইআর সিস্টেম।

ম্যালওয়্যার আক্রমণ ও বর্তমান পরিস্থিতি: সবচেয়ে উদ্বেগের বিষয় হলো বেলুচিস্তান পুলিশের নাগরিক অভিযোগ পোর্টাল। হ্যাকাররা সফটওয়্যার আপডেটের ছদ্মবেশে ওই পোর্টালে দুটি ম্যালওয়্যার ফাইল ঢুকিয়ে দিয়েছিল, যাতে সাধারণ মানুষ বা পুলিশ অফিসারদের ডিভাইস সংক্রমিত করা যায়। তবে, সেন্টিনেলল্যাবসের দাবি, সিস্টেমগুলোতে হ্যাকারদের প্রবেশের প্রমাণ মিললেও, গুরুত্বপূর্ণ কোনো তথ্য চুরি হয়েছে কি না, তার কোনো সুনির্দিষ্ট প্রমাণ এখনো পাওয়া যায়নি।

ভারত-চীন যোগের ভিত্তি কী? সেন্টিনেলল্যাবস মূলত হ্যাকারদের ব্যবহৃত স্বতন্ত্র ম্যালওয়্যার, কমান্ড ও কন্ট্রোল সার্ভার এবং আক্রমণ চালানোর কৌশলের ওপর ভিত্তি করে এই বিশ্লেষণ করেছে। যদিও ভারত বা চীন এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে চীন ইতিমধ্যেই এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে।