আসছে ‘ভার্জিনপুর’! প্রেমের ফাঁদে অপহরণের টানটান রহস্য, ক্লিক-এ মুক্তি চলতি মাসেই

ওয়েব সিরিজের দুনিয়ায় নতুন চমক নিয়ে হাজির হচ্ছে ‘ভার্জিনপুর’। শান্তনু চট্টোপাধ্যায়ের প্রযোজনায় এবং ‘ফিল্ম অ্যান্ড ফ্রেমস’-এর ব্যানারে নির্মিত এই সিরিজটি পরিচালনা করছেন শুভদীপ মুখোপাধ্যায়। চলতি মাসেই ওটিটি প্ল্যাটফর্ম ‘ক্লিক’-এ মুক্তি পেতে চলেছে এই রিব-টিকলার থ্রিলার। সিরিজটিতে অভিনয় করেছেন ঋত্বব্রত মুখোপাধ্যায়, সত্যম ভট্টাচার্য, শার্লি মোদক, নিশান্তিকা দাস, বিশ্বজিৎ দাস এবং দেবপ্রসাদ হালদারের মতো একঝাঁক প্রতিভাবান শিল্পী।
গল্পের কেন্দ্রে রয়েছে জিতু, যে সাধারণ জীবনযাপনের স্বপ্ন নিয়ে গ্রাম থেকে শহরে আসে। কিন্তু ‘ম্যাডাম নিবাস’ বোর্ডিং হাউসে থাকার সুবাদে তার জীবনে আসে রাই। এরপরই এক অপ্রত্যাশিত অপহরণ-কাণ্ডে জড়িয়ে পড়ে তারা। গল্পের মূল খলনায়ক দেবা, যে কলেজের স্বঘোষিত ‘সিনিয়র’ এবং সেই নিবাসের ম্যানেজার। কমেডি ও সাসপেন্সের মোড়কে এই অপহরণ-কাণ্ড কীভাবে শেষ হয়, সেটাই সিরিজের মূল আকর্ষণ।
পরিচালক শুভদীপ জানান, এটি তাঁর পরিচালিত প্রথম সিরিজ। তিনি বলেন, “অভিনেতা নির্বাচনে আমরা চিত্রনাট্য লেখার সময়ই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলাম। ঋত্বব্রত ও শার্লি যে জিতু ও রাই চরিত্রের জন্য সেরা, তা কাজ শুরুর আগেই নিশ্চিত ছিলাম।” দেবা চরিত্রে সত্যম ভট্টাচার্যের অভিনয় নিয়ে দর্শক মহলে আগ্রহ তুঙ্গে। সত্যম বলেন, “আমার পাড়ার স্থানীয় ছেলেদের ‘সোয়্যাগ’ থেকেই আমি এই চরিত্রটি ফুটিয়ে তুলেছি।”
সিরিজটিতে রাইয়ের ভূমিকায় শার্লি মোদক নিজেকে নতুনভাবে মেলে ধরেছেন। শার্লির মতে, “রাই অত্যন্ত বুদ্ধিমতী ও বাস্তববাদী। তার চরিত্রের অনেকগুলো স্তর রয়েছে, যা দর্শককে মুগ্ধ করবে।” ঋত্বব্রত মুখোপাধ্যায় জানান, শুটিংয়ের সেটে পুরো টিম দারুণ মজা করেছে, যা পর্দার রসায়নে স্পষ্ট। অভিনেতা বিশ্বজিৎ দাসের মতে, ‘বোম বাবু’র মতো অদ্ভুত অথচ বাস্তবধর্মী চরিত্র করার অভিজ্ঞতা দারুণ। চিত্রনাট্য লিখেছেন রুদ্রদীপ চন্দ এবং সংলাপ লিখেছেন সৌমিত দেব। টানটান উত্তেজনায় ভরপুর এই সিরিজটি ওটিটি দর্শকদের জন্য এক নতুন বিনোদনের রসদ হতে চলেছে।