রাম মন্দিরের দানবাক্সে চুরি নিয়ে বিস্ফোরক কেজরিওয়াল, অমিত শাহকে তুলোধোনা করে ছুঁড়লেন ৫ প্রশ্ন!

রাম মন্দিরের দানবাক্সে চুরির ঘটনা নিয়ে সরব হলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বুধবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, যারা ভগবান রামকে মানে, তারা মন্দিরের দানে হাত দিতে পারে না। কেজরিওয়ালের অভিযোগ, বিজেপি কেবল রাজনৈতিক ফায়দা ও ক্ষমতার লোভে সনাতন ধর্মকে ব্যবহার করছে।

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে কেজরিওয়াল অভিযোগ করেন, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ আড়াই বছর পার হলেও অমিত শাহ একবারও সেখানে দর্শন করতে যাননি। কেজরিওয়ালের দাবি, ভাষণ দেওয়ার সময় অমিত শাহ ৪২ বার রামের নাম নিলেও, একবারও মন্দিরে গিয়ে প্রণাম জানানোর প্রয়োজন মনে করেননি। তিনি অমিত শাহের উদ্দেশ্যে পাঁচটি প্রশ্ন ছুঁড়ে দেন, যার মধ্যে অন্যতম হলো—তিনি কেন রাম মন্দিরে যান না এবং তিনি রামকে আদৌ ভগবান মানেন কি না?

কেজরিওয়াল আরও বলেন, “ভগবান রামের কৃপাতেই আজ বিজেপি ২১টি রাজ্যে ক্ষমতায়, অথচ কৃতজ্ঞতাস্বরূপ একটি প্রসাদ নিবেদন করতেও তারা নারাজ।” আম আদমি পার্টিই একমাত্র ‘সত্যি সনাতনী’ দল হিসেবে কাজ করছে বলে তিনি দাবি করেন। এছাড়া, মন্দিরে চুরির তদন্তে গঠিত এসআইটি (SIT)-কে তিনি একটি ‘ফাঁপা ও প্রতারণামূলক ব্যবস্থা’ বলে অভিহিত করেছেন। তাঁর মতে, উত্তরপ্রদেশ ও কেন্দ্র থেকে বিজেপি সরকার ক্ষমতাচ্যুত না হওয়া পর্যন্ত আসল অপরাধীরা শাস্তি পাবে না।