প্রেমে মজে রাঘব জুয়াল! জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নীহারিকার সঙ্গে ছবি পোস্ট করতেই ভাইরাল

বলিউডের অন্দরমহলে ফের প্রেমের মরসুম! নৃত্যশিল্পী ও অভিনেতা রাঘব জুয়ালকে নিয়ে আবারও নতুন করে চর্চা তুঙ্গে। তবে এবার কোনো গুঞ্জন নয়, বরং স্বয়ং রাঘব এবং জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী নীহারিকা এন এম-এর শেয়ার করা কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় আগুন জ্বালিয়ে দিয়েছে। তাঁদের ঘনিষ্ঠ ছবিগুলো দেখার পর অনুরাগীদের মনে একটাই প্রশ্ন— তবে কি দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নিল?

গত সোমবার ইনস্টাগ্রামের পাতায় রাঘব এবং নীহারিকা যৌথভাবে একগুচ্ছ ছবি শেয়ার করেন। ছবিগুলোতে তাঁদের অন-স্ক্রিন ও অফ-স্ক্রিন রসায়ন ছিল স্পষ্ট। একটি ছবিতে নীহারিকাকে পেছন থেকে পরম আদরে জড়িয়ে ধরতে দেখা গেছে রাঘবকে, আবার অন্য একটি ছবিতে দুজনকে ক্যামেরার সামনে বেশ সাবলীল ও অন্তরঙ্গ ভঙ্গিতে পোজ দিতে দেখা গিয়েছে। তবে ছবিগুলোর চেয়েও বেশি কৌতূহল তৈরি করেছে পোস্টের ক্যাপশন। কোনো দীর্ঘ কথাবার্তা বা কৈফিয়ত ছাড়াই ক্যাপশনে তাঁরা জুড়ে দিয়েছেন কেবল একটি ‘লাভ ইমোজি’ এবং একটি ‘তারার চিহ্ন’। আর এই সংক্ষিপ্ত ইঙ্গিতই নেটপাড়ায় জল্পনার বারুদ ছড়িয়ে দিয়েছে।

ছবিগুলো পোস্ট হওয়ার মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে পড়ে। ভক্তদের একাংশ দারুণ উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, “ওদের দুজনকে একসঙ্গে দুর্দান্ত লাগছে।” অনেকে তো সরাসরি প্রশ্ন তুলেই দিয়েছেন, “নতুন এই কাপল কি তবে নিজেদের সম্পর্কের কথা অফিসিয়ালি জানিয়ে দিলেন?” যদিও এই জল্পনার মাঝে ভিন্ন মতও রয়েছে অনেকের। নেটিজেনদের বড় অংশের ধারণা, এটি কোনো বাস্তব প্রেমের ইঙ্গিত নয়, বরং তাঁদের আসন্ন ছবি ‘ভাই তেরা স্টার হ্যায়’-এর প্রচারের এক অভিনব কৌশল মাত্র। সিনেমার প্রমোশনের খাতিরেই কি এমন ঘনিষ্ঠতা? সেই উত্তর আপাতত অজানা।

রাঘব কিংবা নীহারিকা— কেউই এখনো এই গুঞ্জন নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। তবে তাঁদের এই বিশেষ পোস্টে বলিউডের অনেক তারকাই মন্তব্য করেছেন। বিশেষ করে, অভিনেত্রী শেহনাজ গিলের একটি মন্তব্য অনুরাগীদের সন্দেহকে যেন আরও উসকে দিয়েছে।

রাঘব জুয়ালের ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়াতে চর্চা অবশ্য এই প্রথম নয়। এর আগেও একাধিকবার তাঁর প্রেম নিয়ে নানা খবর শোনা গিয়েছে। কখনো তাঁর নাম জড়িয়েছে শেহনাজ গিলের সঙ্গে, আবার কখনো জনপ্রিয় নৃত্যশিল্পী শক্তি মোহনের সঙ্গে সম্পর্কের গুঞ্জন দানা বেঁধেছে। তবে অতীতের মতোই বর্তমানের এই বিশেষ সম্পর্ক নিয়ে রাঘব তাঁর নীরবতা বজায় রেখেছেন। নীহারিকার সঙ্গে তাঁর এই রসায়ন কি শুধুই পেশাদারিত্ব নাকি সম্পর্কের নতুন বাঁক, তা জানার জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষায় ভক্তকুল।