‘ফলাফল চোখে পড়তে হবে’, শীর্ষ আমলাদের নিয়ে ৪ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকে স্পষ্ট নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার দেশের শীর্ষ আমলাদের নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকে বসেছিলেন। প্রায় চার ঘণ্টা ধরে চলা এই ম্যারাথন বৈঠকে তিনি সরাসরি সচিবদের কাছে জবাবদিহি চেয়েছেন। প্রতিটি মন্ত্রকের কাজ, গৃহীত সিদ্ধান্তের কার্যকারিতা এবং তার বাস্তব প্রভাব সাধারণ মানুষের জীবনে কতটা পড়ছে, তা খুঁটিয়ে জানতে চেয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশ—সরকারি প্রকল্প শুধু ফাইলবন্দি করে রাখলে চলবে না, তার সুফল যেন সাধারণ মানুষের জীবনে দৃশ্যমান হয়। কাজের ফলাফল যেন কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না থেকে বাস্তবে অনুভূত হয়।
বৈঠকে দুটি বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রথমত, ‘ইজ অফ ডুয়িং বিজনেস’ এবং ‘ইজ অফ লিভিং’ উন্নত করতে অপ্রয়োজনীয় নিয়ম-কানুন ছেঁটে ফেলা এবং প্রশাসনিক সংস্কার ত্বরান্বিত করা। দ্বিতীয়ত, ‘আত্মনির্ভর ভারত’ গড়ার লক্ষ্যকে আরও গতিশীল করা। বিভিন্ন মন্ত্রকের সচিবরা তাঁদের দপ্তরের বর্তমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী আমলাদের পুরনো আমলের দপ্তরে দপ্তরে বিচ্ছিন্নভাবে কাজ করার মানসিকতা থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন। তিনি ‘হোল অফ গভর্নমেন্ট’ বা সমগ্র সরকারের সমন্বিত মডেলের ওপর জোর দিয়ে বলেন, একাধিক প্রকল্পের সাফল্য তখনই নিশ্চিত হবে যখন বিভিন্ন মন্ত্রক একযোগে কাজ করবে। প্রধানমন্ত্রীর কথায়, এখনকার সময় হচ্ছে সমন্বয়ের সময়। তিনি ‘পিএম গতিশক্তি’ প্ল্যাটফর্মের সর্বাধিক ব্যবহারের ওপর গুরুত্ব দেন, যা প্রকল্প পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে আরও দ্রুত ও কার্যকর করে তুলবে।
যদিও এই বৈঠকে নতুন কোনো প্রকল্পের ঘোষণা করা হয়নি, তবে প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন যে, সরকারের মূল লক্ষ্য এখন বাস্তবায়নের ওপর জোর দেওয়া। কোনো প্রকল্পের সাফল্যের মানদণ্ড ফাইল নয়, বরং মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন—এই বার্তাই তিনি পৌঁছে দিয়েছেন প্রশাসনের উচ্চমহলে। আগামী দিনে প্রশাসনিক ব্যবস্থাকে আরও কার্যকর ও গতিশীল করে তোলার লক্ষ্যেই এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।