ত্বকে ফোসকা পড়লে কী করবেন? ভুল চিকিৎসায় বিপদ বাড়তে পারে, জানুন ঘরোয়া সমাধান!

হাতে গরম জল লাগা কিংবা নতুন জুতোর ঘষা—দৈনন্দিন জীবনে ত্বকে ফোসকা পড়া অত্যন্ত পরিচিত একটি সমস্যা। ফোসকা শুধু যন্ত্রণাদায়কই নয়, এটি বেশ অস্বস্তিকরও বটে। বিশেষ করে ফোসকা ফেটে গেলে সংক্রমণের ভয় থাকে প্রবল। অনেকেই ভুলবশত ফোসকা গলিয়ে ফেলেন বা অপ্রয়োজনীয় মলম লাগান, যা পরিস্থিতি আরও জটিল করে তোলে। ত্বক বিশেষজ্ঞ ও চিকিৎসকদের মতে, ফোসকা সারানোর জন্য সঠিক যত্নের বিকল্প নেই।

ফোসকা পড়লে কী করবেন:
প্রথমেই আক্রান্ত স্থানটি অত্যন্ত পরিষ্কার রাখা জরুরি। ধোয়ার সময় খুব সতর্ক থাকুন। ধোয়ার পর একটি পরিষ্কার, শুকনো ও নরম তোয়ালে বা কাপড় দিয়ে খুব আলতোভাবে ‘প্যাট ড্রাই’ করে শুকিয়ে নিন। ফোসকাকে ঘর্ষণ থেকে বাঁচাতে নরম ড্রেসিং বা প্যাড ব্যবহার করা যেতে পারে। হাইড্রোকলয়েড (ভেজা) ড্রেসিং ফোসকার দ্রুত উপশমে দারুণ কাজ করে। যদি ফোসকা ফেটে যায়, তবে সেই স্থানটি স্পর্শ করার আগে সাবান দিয়ে হাত ভালো করে ধুয়ে নিন, যাতে কোনোভাবেই ব্যাকটেরিয়া প্রবেশ করতে না পারে। ফোসকা থেকে যে তরল নিঃসৃত হয়, তা নিজে থেকে বেরিয়ে যেতে দিন এবং এরপর পরিষ্কার ড্রেসিং দিয়ে ঢেকে রাখুন।

কী করবেন না:
ফোসকা সুস্থ করার সময় কিছু ভুল একেবারেই করা উচিত নয়। ভুলেও ফোসকা নিজে থেকে ফাটানোর চেষ্টা করবেন না। পরিষ্কার করার সময় জোরে ঘষা বা চাপ দেবেন না। ফোসকা ফেটে গেলেও ওপরের পাতলা চামড়াটি টেনে তোলার চেষ্টা করবেন না, এটি প্রাকৃতিক ব্যান্ডেজ হিসেবে কাজ করে যা ভেতরের নতুন ত্বককে রক্ষা করে। যে জুতো বা সরঞ্জামের কারণে ফোসকা হয়েছে, তা পুরোপুরি না সারা পর্যন্ত পুনরায় ব্যবহার করা থেকে বিরত থাকুন।

ফোসকা এড়ানোর উপায়:
প্রতিরোধই প্রতিকারের চেয়ে ভালো। নতুন জুতো কেনার সময় খেয়াল রাখুন সেটি যেন আরামদায়ক এবং পায়ের আকৃতির সঙ্গে মানানসই হয়। নতুন জুতো প্রথমদিনেই দীর্ঘক্ষণ না পরে, কিছুদিন অল্প সময় করে পরে অভ্যস্ত হয়ে নিন। খেলাধুলা বা দীর্ঘ সময় হাঁটার সময় পুরু মোজা পরুন, যা ঘর্ষণ কমাবে। পা ঘামলে দ্রুত মোজা বদলে ফেলা জরুরি। ভারী সরঞ্জাম বা ওজন তোলার সময় গ্লাভস ব্যবহার করুন। সর্বোপরি, গরম ও আগুনের সংস্পর্শে কাজ করার সময় সতর্ক থাকুন। অ্যালার্জি থাকলে নির্দিষ্ট প্রসাধনী বা কাপড় এড়িয়ে চলাই শ্রেয়।

মনে রাখবেন, ত্বকের ফোসকা সাধারণত সামান্য যত্নেই সেরে ওঠে। তবে যদি দেখেন ফোসকায় পুঁজ জমছে, প্রচণ্ড ব্যথা বা জ্বালা হচ্ছে অথবা ফোসকা বড় আকার ধারণ করছে, তবে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ।