রাজধানীতে নোংরা আবর্জনার পাহাড়! ঝাড়ু হাতে রাস্তায় নামার বদলে ধর্মঘটে কর্মীরা, স্তব্ধ জয়পুর

জয়পুরের রাজপথে এখন আবর্জনার পাহাড়। ইউনাইটেড বাল্মীকি অ্যান্ড স্যানিটেশন ওয়ার্কার্স ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের জেরে রাজধানী জয়পুরের পরিচ্ছন্নতা ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহ তো দূরের কথা, প্রধান বাজার ও আবাসিক এলাকাগুলোতে বর্জ্যের স্তূপ জমে স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। বড়ি চৌপার থেকে ছোটি চৌপার—শহরের প্রতিটি কোণ এখন ময়লায় ঢাকা।
শ্রমিকদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে—নিয়োগের ক্ষেত্রে বাল্মীকি সম্প্রদায়কে অগ্রাধিকার, আউটসোর্সিং প্রথা বাতিল করে স্থায়ী নিয়োগ এবং দীর্ঘদিনের কর্মীদের অভিজ্ঞতার যথাযথ স্বীকৃতি। শ্রমিক সংগঠনের সাফ বার্তা, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে। জয়পুরে প্রতিদিন প্রায় ১৫০০ থেকে ২০০০ টন বর্জ্য উৎপন্ন হয়। বিশাল সংখ্যক কর্মী কাজে যোগ না দেওয়ায় কর্পোরেশন সীমিত সম্পদ দিয়ে অবস্থা সামলানোর চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। অনেক এলাকায় মানুষ ক্ষোভে রাস্তায় আবর্জনা ফেলে প্রতিবাদ জানাচ্ছে, যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দ্রুত সমাধান না হলে রাজধানীর জনজীবন ও জনস্বাস্থ্য গুরুতর সংকটের মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।