“মেসি এলেন, দেখলেন, গোল করলেন!”-ভেঙে দিলেন ফরাসি ও ব্রাজিলীয় কিংবদন্তিদের রেকর্ড

মাঠের ভেতরে লিওনেল মেসির উপস্থিতিতেই যেন আলাদা একটা জাদু কাজ করে। রবিবার সকালে জর্ডানের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফের একবার তা প্রমাণ করলেন আর্জেন্টাইন মহাতারকা। মাঠে নামার পর মাত্র ৩৫ মিনিটের মধ্যেই গোল করে শুধু জয় নিশ্চিত করলেন না, সেই সঙ্গে গড়ে ফেললেন এক অনন্য বিশ্বরেকর্ড।

এক অনন্য ইতিহাসের সাক্ষী মেসি জর্ডানের বিরুদ্ধে ম্যাচের ৬০ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন মেসি। আর ৮০ মিনিটে নিজের ট্রেডমার্ক ফ্রি-কিক থেকে গোল করে বিশ্বকাপে টানা সাতটি ম্যাচে গোল করার বিশ্বরেকর্ড গড়লেন তিনি। এর আগে বিশ্বকাপে টানা ৬ ম্যাচে গোল করার রেকর্ড ছিল ফ্রান্সের জুস্ত ফোঁতেন এবং ব্রাজিলের জায়েরজিনিয়োর দখলে। মেসি তাঁদের টপকে এককভাবে নতুন উচ্চতায় পৌঁছে গেলেন।

ফ্রি-কিক থেকে আরও এক মাইলফলক ম্যাচের ৮০ মিনিটে বক্সের বাইরে পাওয়া ফ্রি-কিক থেকে জর্ডানের গোলরক্ষক ইয়াজিদ আবু লায়লাকে পরাস্ত করে নিখুঁত শটে বল জালে জড়ান এলএমটেন (LM10)। ক্যারিয়ারের ১২৩তম আন্তর্জাতিক গোলের পাশাপাশি এটি ছিল ফ্রি-কিক থেকে মেসির ৭২তম গোল। আর্জেন্টিনার জার্সিতে ফ্রি-কিক থেকে এটি তাঁর ১২তম গোল।

গ্রুপ শীর্ষে আর্জেন্টিনা, নকআউটে প্রতিপক্ষ কেপ ভার্দে এই জয়ের ফলে ৩ ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘জে’-এর শীর্ষ দল হিসেবে রাউন্ড অব ৩২-এ পা রাখল গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে, টানা তিন হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিল জর্ডন। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় নকআউটের প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে নির্ধারিত হয়েছে কেপ ভার্দে।

একনজরে মেসির পরিসংখ্যান:

  • আন্তর্জাতিক গোল: ১২৩টি।

  • ফ্রি-কিক গোল: ৭২টি (ক্যারিয়ার)।

  • রেকর্ড: বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করা বিশ্বের প্রথম ফুটবলার।