ডিজিটাল গোল্ডের নামে কোটি টাকার প্রতারণা! নয়ডা-র ব্যবসায়ীর সর্বস্বান্ত হওয়ার কাহিনী

ডিজিটাল গোল্ড ট্রেডিং-এর নামে ৩.৬ কোটি টাকার সাইবার প্রতারণার এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে নয়ডায়। সেক্টর-১৫০ নিবাসী এক লেদার রফতানিকারক ব্যবসায়ী দীর্ঘ পাঁচ মাস ধরে সাইবার অপরাধীদের টার্গেট ছিলেন। ৩১ ডিসেম্বর ২০২৫-এ একটি হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে এই প্রতারণার সূত্রপাত। ‘রিয়া’ নামের এক মহিলা নিজেকে সাংহাই গোল্ড এক্সচেঞ্জ-এর প্রতিনিধি পরিচয় দিয়ে ব্যবসায়ীকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করেন।
শুরুতে বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য অ্যাপের মাধ্যমে ছোট অঙ্কের বিনিয়োগে সামান্য মুনাফা ব্যবসায়ীকে ফেরত দেওয়া হয়। এতেই ফাঁদে পা দেন তিনি। ১৯ এপ্রিল থেকে ২৬ মে পর্যন্ত মোট ২১টি লেনদেনের মাধ্যমে ব্যবসায়ী ৩.৬ কোটি টাকা বিনিয়োগ করেন। অ্যাপে তাঁর পোর্টফোলিও ৬ কোটির বেশি দেখানো হলেও, টাকা তোলার সময় বাধার সম্মুখীন হন তিনি। প্রতারক চক্র বারবার আরও বিনিয়োগের চাপ দিতে থাকে এবং শেষ পর্যন্ত অ্যাকাউন্ট ফ্রিজ করার ভুয়া অজুহাতে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।
প্রতারিত বুঝতে পেরেই ব্যবসায়ী জাতীয় সাইবার অপরাধ পোর্টালে এবং নয়ডা সাইবার থানায় অভিযোগ দায়ের করেন। ডিসিপি সাইবার সিকিউরিটি জানিয়েছেন, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোতে টাকা স্থানান্তর করা হয়েছে, সেগুলো ট্র্যাকিং করা হচ্ছে। সাইবার থানার ইনচার্জ বিজয় সিং রানা সতর্ক করে বলেছেন, সাইবার অপরাধীরা প্রথমে বিশ্বাস অর্জন করে, তারপর বড় বিনিয়োগের টোপ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। নাগরিকদের অপরিচিত লিঙ্কে ক্লিক বা প্রলোভনে বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়েছে।