লঙ্কানভূমে ধ্রুব জুরেলের ব্যাটে ঝড়! দুর্দান্ত শতরানে বিপক্ষকে কোণঠাসা করলেন ভারত-এ অধিনায়ক

শ্রীলঙ্কার গালে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ভারত-এ এবং শ্রীলঙ্কা-এ দলের প্রথম অনানুষ্ঠানিক টেস্ট ম্যাচে দাপট বজায় রেখেছেন ভারতীয় ব্যাটাররা। সাই সুদর্শনের দুর্দান্ত শতরানের পর এবার দলের হাল ধরলেন অধিনায়ক ধ্রুব জুরেল। তাঁর অনবদ্য শতরানে ভর করে ভারত-এ দল এই টেস্টে অত্যন্ত শক্তিশালী অবস্থানে পৌঁছে গিয়েছে।
গত ২৫ জুন শুরু হওয়া এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জুরেল। প্রথম দিনেই অপরাজিত ৬৮ রান করে আত্মবিশ্বাসের পরিচয় দিয়েছিলেন তিনি। ম্যাচের দ্বিতীয় দিনেও সেই ছন্দ বজায় রেখে শ্রীঙ্কান বোলারদের কার্যত নাজেহাল করে ছাড়েন এই তরুণ উইকেটরক্ষক-ব্যাটার। ১৮১ বলের মোকাবিলা করে নিজের শতরান পূর্ণ করেন জুরেল। চাপের মুখে ধৈর্য এবং সূক্ষ্ম শট নির্বাচনে তিনি যে পরিপক্কতা দেখিয়েছেন, তা প্রশংসনীয়।
অধিনায়কের এই ইনিংসটি তাঁর ফর্মের ধারাবাহিকতারই প্রমাণ। এর আগে অস্ট্রেলিয়া-এ এবং দক্ষিণ আফ্রিকা-এ দলের বিরুদ্ধেও শতরান করেছিলেন জুরেল। গালে-র এই কঠিন পিচে তাঁর এই ইনিংস আবারও প্রমাণ করল যে, ভারতীয় টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ হিসেবে তিনি নিজেকে তৈরি করছেন। জুরেল ও সাই সুদর্শনের জোড়া শতরানে ভর করে ভারত-এ দল এখন চালকের আসনে।