অবশেষে প্রতীক্ষার অবসান? বড় পর্দায় ফিরছে মহেশমতী, তিন আঙুল দেখিয়ে যা বললেন প্রভাস!

এস এস রাজামৌলির কালজয়ী ফ্র্যাঞ্চাইজি ‘বাহুবলী’ ভারতীয় সিনেমার মানচিত্র চিরতরে বদলে দিয়েছিল। সিনেমাটির গল্প বলার ভঙ্গি, অ্যাকশন এবং বিশ্বমানের ভিজ্যুয়াল এফেক্টস দর্শকদের এক নতুন অভিজ্ঞতার স্বাদ দিয়েছিল। প্রভাস, রানা দাগ্গুবাটি এবং অনুষ্কা শেট্টিকে সর্বভারতীয় সুপারস্টারে পরিণত করা এই ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে বছরের পর বছর অনুরাগীদের মনে একটাই প্রশ্ন ছিল—আদৌ কি ‘বাহুবলী ৩’ আসবে? তবে দীর্ঘ প্রতীক্ষার পর সেই জল্পনায় যেন নতুন করে প্রাণ ফিরল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভাইরাল ক্লিপ ঘিরে এখন উত্তাল নেটদুনিয়া।
ঘটনার সূত্রপাত ‘বাহুবলী: দ্য টর্চবেয়ারার’ নামক একটি তথ্যচিত্রের ছোট ক্লিপ থেকে। সেখানে প্রভাস, রানা এবং অনুষ্কাকে রাজামৌলির এই ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ নিয়ে কথা বলতে দেখা গেছে। ক্লিপটিতে রানা দাগ্গুবাটিকে রহস্যময় স্বরে বলতে শোনা যায়, “আমি জানি না এটা প্রকাশ্যে বলা উচিত কি না, তবে রাজামৌলি এবং শোবু গারু যেহেতু এখানে নেই, তাই বলেই ফেলি। হয়তো বিশ্ব এখনও এর জন্য প্রস্তুত নয়, তবে ‘বাহুবলী’ আসবেই…” রানার এই অসম্পূর্ণ বাক্য শেষ হওয়ার আগেই প্রভাস হাসিমুখে তিনটি আঙুল উঁচিয়ে ধরেন, যা দেখে উপস্থিত সবাই হেসে ওঠেন। শেষে ক্লিপটির অডিওতে ভেসে আসে, “এবং এই ঐতিহ্য অব্যাহত থাকবে!”
এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে খুশির জোয়ার বয়ে যাচ্ছে। নেটপাড়ায় এখন একটাই চর্চা—মহেশমতীর রাজকীয় প্রত্যাবর্তন নিশ্চিত। একজন অনুরাগী লিখেছেন, “সর্বকালের সেরা ভারতীয় সিনেমার তৃতীয় কিস্তি এখন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত!” অন্য একজন মন্তব্য করেছেন, “খোদ বাহুবলীর মুখ থেকে এই ঘোষণা শোনাটা রোমাঞ্চকর।” যদিও পরিচালক এস এস রাজামৌলি বা প্রযোজনা সংস্থার তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। প্রকল্পটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা হবে নাকি ওয়েব সিরিজ, তা নিয়েও রয়েছে ধোঁয়াশা।
উল্লেখ্য, ২০১৫ সালে ‘বাহুবলী: দ্য বিগিনিং’-এর হাত ধরে যাত্রা শুরু হয়েছিল এই মহাকাব্যিক ফ্যান্টাসি ড্রামার। এরপর ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ বিশ্বজুড়ে প্রায় ১,৭৮৮ কোটি টাকা আয় করে ভারতীয় সিনেমার ইতিহাসে এক নতুন মাইলফলক স্থাপন করে। গত বছর এই দুই পর্বকে একত্রিত করে ‘বাহুবলী: দ্য এপিক’ নামে ফের মুক্তি দেওয়া হয়। প্রভাস, রানা দাগ্গুবাটি, অনুষ্কা শেট্টি, তামান্না ভাটিয়া এবং রম্যা কৃষ্ণনের অসামান্য অভিনয় আজও দর্শকদের স্মৃতিতে অমলিন। এখন দেখার, এই ভাইরাল ইঙ্গিত সত্যি হয় কি না এবং ফের একবার রাজা অমরেন্দ্র বাহুবলীর দাপটে কেঁপে ওঠে কি না বক্সঅফিস। অনুরাগীদের নজর এখন রাজামৌলির পরবর্তী সিদ্ধান্তের দিকে।