১৫ বছর বয়সেই বিশ্বরেকর্ড! সচিনের রেকর্ড ভেঙে ক্রিকেটের ময়দানে নতুন বিস্ময় বৈভব

আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় এক নতুন বিস্ময় বালকের পদধ্বনি শোনা যাচ্ছে। মাত্র ১৫ বছর বয়সেই জাতীয় দলের জার্সিতে মাঠে নামার দোরগোড়ায় দাঁড়িয়ে বিহারের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। শুক্রবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচে তাঁর অভিষেকের সম্ভাবনা প্রবল। আর যদি তিনি মাঠে নামেন, তবে ক্রিকেটের ইতিহাসে এক অনন্য নজির গড়বেন বৈভব। ভেঙে দেবেন সচিন তেন্ডুলকরের ৩৭ বছরের পুরোনো রেকর্ড। সর্বকনিষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়তে চলেছেন তিনি।

তবে এই অভিষেকের ঠিক আগেই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) এক নিয়ম ঘিরে শুরু হয়েছে তুমুল চর্চা। ইংল্যান্ড সফরে ভারত ৫টি টি-২০ ম্যাচ খেলবে। যেহেতু এই সিরিজটি আইসিসি-র অধীনে, তাই সেখানে কঠোর ‘সেফগার্ডিং’ বা সুরক্ষা নীতি বলবৎ করা হয়েছে। আইসিসি ও ইসিবি-র নিয়ম অনুযায়ী, ১৬ বছরের কম বয়সী কোনো ক্রিকেটার প্রাপ্তবয়স্ক খেলোয়াড়দের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে পারবে না। ফলে, বৈভবকে প্রতিটি ম্যাচের সময় আলাদা ড্রেসিংরুম ব্যবহার করতে হবে।

এই নিয়মের জেরে ম্যাচ শুরুর আগে এবং ম্যাচ শেষ হওয়ার পর পোশাক পরিবর্তনের সময় দলের অন্যান্যদের থেকে বিচ্ছিন্ন থাকতে হবে বৈভবকে। যদিও ম্যাচ চলাকালীন টিম মিটিং বা দলের সদস্যদের সঙ্গে মাঠে থাকার ক্ষেত্রে কোনো বাধা নেই। ভারতের ঘরোয়া ক্রিকেটে এই ধরনের নিয়মের চল না থাকায়, ১৫ বছর বয়সী বৈভবের কাছে বিষয়টি কিছুটা অস্বস্তিকর হলেও আন্তর্জাতিক স্তরে এটিই সুরক্ষার মানদণ্ড।

এই সফর নিয়ে বৈভব অবশ্য মানসিকভাবে যথেষ্ট প্রস্তুত। সম্প্রতি ভারত ‘এ’ দলের হয়ে তাঁর বিধ্বংসী পারফরম্যান্স নির্বাচকদের মুগ্ধ করেছে। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে মাত্র ২৯ বলে ৯৪ রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলেছিলেন তিনি, যেখানে ছিল ১১ বলে অর্ধশতরান। এই পারফরম্যান্সের পরেই তাঁকে জাতীয় দলে নেওয়ার দাবি জোরালো হয়। শুক্রবার এবং রবিবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটি টি-২০ ম্যাচ খেলবে ভারত। মনে করা হচ্ছে, আয়ারল্যান্ডের বিরুদ্ধেই আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করবেন এই কিশোর প্রতিভা। পুরো দেশ এখন তাকিয়ে রয়েছে এই ‘ওয়ান্ডার কিড’-এর দিকে, যিনি কি না সচিন তেন্ডুলকরের মতো কিংবদন্তির রেকর্ড ভেঙে নতুন দিগন্ত উম্মোচন করতে প্রস্তুত।