তৃণমূলের ‘পাপের ফল’ তারাতলা বিপর্যয়! মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা

কলকাতার তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ধসের মর্মান্তিক ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। এই ভয়াবহ বিপর্যয়ে শোকের ছায়া নেমে এসেছে গোটা রাজ্যে। বুধবার দুপুরের এই দুর্ঘটনায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলেন বহু শ্রমিক। বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনার বিস্তারিত বিবরণ দেন এবং মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিধানসভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে, রাজ্য সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা এবং আহতদের ১ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। এখনও পর্যন্ত ২০ জন আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধারকার্যে নেমেছিল সেনা, এনডিআরএফ এবং কলকাতা পুলিশের বিশাল বাহিনী।
তবে এই মানবিক সহায়তার পাশাপাশি বিধানসভার অধিবেশনে রাজনৈতিক পারদ চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি সরাসরি তোপ দাগেন বিগত তৃণমূল সরকারের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী বিধানসভায় কিছু নথিপত্র পেশ করে দাবি করেন যে, এই গোডাউনের নকশা অনুমোদনের পেছনে ছিল বড়সড় দুর্নীতির খেলা। তিনি সরাসরি প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের দিকে আঙুল তুলে বলেন, “জানুয়ারি মাসে যে বিল্ডিং প্ল্যান অনুমোদন হয়েছিল, তাতে প্রাক্তন মেয়রের স্বাক্ষর রয়েছে। শহরকে মৃত্যুপুরীতে পরিণত করেছে তৃণমূল। এটা তাদের পাপের ফল।”
মুখ্যমন্ত্রী আরও জানান, এই ঘটনার পরই তিনি রাজ্যের বিভিন্ন পুর এলাকায় সমস্ত নির্মীয়মাণ বাণিজ্যিক প্রকল্পের কাজ ৩১ জুলাই পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, অর্থের বিনিময়ে বা কাটমানির মাধ্যমে তৃণমূল সরকার যেসব বিল্ডিং প্ল্যান অনুমোদন দিয়েছিল, তার প্রতিটি খুঁটিনাটি অডিট করা হবে। অডিট ছাড়া আর কোনো নতুন নির্মাণের কাজ এই সরকার করতে দেবে না। যারা দোষী, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এবং আইনের কঠোর সাজা নিশ্চিত করা হবে।
ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্তে নেমে গোডাউনের মালিক শম্ভুনাথ বেহরা, সাইট সুপারভাইজার গুলজার হোসেন, ঠিকাদার দিবাকর ভাণ্ডারি, কমল সামন্ত এবং আব্দুল হামিদসহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, এই ঘটনায় কাউকেই রেয়াত করা হবে না, তা তিনি যত বড় রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিই হোন না কেন। সব মিলিয়ে তারাতলা বিপর্যয় এখন বাংলার রাজনীতিতে এক নতুন উত্তাপ ছড়াতে শুরু করেছে।