ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা! প্রথমবার বিশ্বকাপের নকআউটে বাফানা বাফানা

চলতি ফিফা বিশ্বকাপে এক দুরন্ত প্রত্যাবর্তনের গল্প লিখে ফুটবলের নকআউট পর্বে জায়গা করে নিল দক্ষিণ আফ্রিকা। মেক্সিকোর কাছে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও, শেষ পর্যন্ত অঘটন ঘটিয়ে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে ‘বাফানা বাফানা’। ১৬ বছর পর বিশ্বকাপে ফিরে আসার মঞ্চকে স্মরণীয় করে রাখলেন থাপেলো মাসেকো ও তাঁর সতীর্থরা।

২০১০ সালের পর এই প্রথমবার বিশ্বমঞ্চে দক্ষিণ আফ্রিকার ফুটবল গৌরব ফিরে এল। ম্যাচের প্রথমার্ধে দুই দলই গোল করার বেশ কিছু সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়। দক্ষিণ আফ্রিকার এভিডেন্স মাকগোপা গোল করার একটি সহজ সুযোগ হাতছাড়া করেন, যা ম্যাচের সমীকরণ বদলে দিতে পারত। তবে দ্বিতীয়ার্ধে দক্ষিণ কোরিয়ার কোচ সন হিউং মিনকে মাঠে নামালেও লাভ হয়নি। উল্টোদিকে, ৬৩ মিনিটে শেপাং মোরের একটি নিখুঁত ক্রস থেকে বাঁ-পায়ের দুর্দান্ত শটে দক্ষিণ আফ্রিকার হয়ে জয়সূচক গোলটি করেন থাপেলো মাসেকো।

ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার জয়ের উচ্ছ্বাস ছিল বাঁধনহারা। তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে থেকে নকআউটে জায়গা নিশ্চিত করল তারা। রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ সহ-আয়োজক কানাডা। অন্যদিকে, জয়ের সুযোগ হাতছাড়া করা দক্ষিণ কোরিয়া তিন পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় স্থানে থেকে নকআউটের আশা জিইয়ে রেখেছে। একই গ্রুপের অন্য ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকে পরের পর্বে গিয়েছে মেক্সিকো। এই হারের ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হলো চেক প্রজাতন্ত্রের। মেক্সিকোর জয়ে গোল তিনটি করেন মাতেও শাভেজ, জুলিয়ান কুইনোনেস এবং আলভারো ফিদালগো।