পুকুরে উল্টে গেল পিকআপ ভ্যান! মুরগি বাঁচাতে গিয়েই কি বিপদ? দেখুন জয়নগরের ঘটনা

বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন তিনজন। বৃহস্পতিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানা এলাকার পদ্মেরহাটের হোগলার মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা পুকুরে উল্টে গেল মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যান। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরেছেন গাড়িতে থাকা চালক ও তাঁর দুই সঙ্গী।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে মুরগি বোঝাই গাড়িটি দ্রুত গতিতে গন্তব্যের দিকে যাচ্ছিল। পদ্মেরহাটের হোগলার মোড় সংলগ্ন এলাকায় রাস্তার বাঁক ঘোরার সময় আচমকাই ভারসাম্য হারিয়ে ফেলে গাড়িটি। মুহূর্তের মধ্যে রাস্তার পাশের গভীর পুকুরে গিয়ে উল্টে পড়ে ভ্যানটি। গাড়ির ভেতরে আটকে পড়েন চালক-সহ তিনজন।

গাড়িটি পুকুরে পড়ার পরপরই এলাকায় শোরগোল পড়ে যায়। আশপাশের দোকানদার ও পথচারীরা দড়ি ও বাঁশ নিয়ে দ্রুত উদ্ধারকাজে নেমে পড়েন। স্থানীয় বাসিন্দাদের অক্লান্ত প্রচেষ্টায় গাড়ির দরজা ভেঙে তিনজনকে অক্ষত অবস্থায় বের করে আনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয়রা দ্রুত ব্যবস্থা না নিলে পুকুরের গভীরতায় বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত।

দুর্ঘটনার কবলে পড়ে ভ্যানে থাকা বহু মুরগি পুকুরে ছিটকে পড়ে, যার মধ্যে বেশ কিছু মুরগি মারা গেছে বলে খবর। উদ্ধার হওয়া তিনজনকে দ্রুত চিকিৎসার জন্য পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁরা এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। দুর্ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।