উত্তরপ্রদেশের মিরাটে সাত বছরের শিশুপুত্র অঙ্গদবীরকে অপহরণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনার মূল অভিযুক্ত অর্পিত শর্মা নামের এক ব্যাংক কর্মকর্তা। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, শিশুটির মায়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতে চেয়েছিল অভিযুক্ত। আর সেই সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়ানোয় নিষ্পাপ শিশুকে নির্মমভাবে পৃথিবী থেকে সরিয়ে দিল সে।
কীভাবে ঘটল ঘটনা? পুলিশ সূত্রে খবর, গত মঙ্গলবার সকাল ১১টা নাগাদ বাড়ির সামনে খেলছিল ৭ বছরের অঙ্গদবীর। আচমকাই সে নিখোঁজ হয়ে যায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ এবং প্রযুক্তিগত প্রমাণ খতিয়ে দেখে পুলিশ অভিযুক্ত অর্পিত শর্মাকে শনাক্ত করে। কঠোর জিজ্ঞাসাবাদের মুখে ভেঙে পড়ে অভিযুক্ত নিজের অপরাধ স্বীকার করে।
প্রতিহিংসার চরম পরিণতি জানা গেছে, শিশুটির বাবা কর্মসূত্রে দুবাইতে থাকেন। এই সুযোগে অভিযুক্ত অর্পিত শিশুটির মায়ের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছিল। কিন্তু মহিলাটি বারবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। পুলিশের অনুমান, সেই আক্রোশ থেকেই মহিলাকে মানসিকভাবে ভেঙে দেওয়ার জন্য তাঁর শিশুপুত্রকে টার্গেট করে অর্পিত। চকলেটের লোভ দেখিয়ে তাকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগ।
পুলিশের তৎপরতা ঘটনার গুরুত্ব বুঝে ৫টি আলাদা পুলিশ দল তদন্তে মাঠে নামে। অভিযুক্ত প্রথমে লাশ গুম করার বিষয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও, পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাঠ থেকে শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি পাঠানো হয়েছে।
অভিযুক্ত অর্পিত শর্মার বিরুদ্ধে অপহরণ ও হত্যার ধারায় মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার করেছে বাহসুমা থানা পুলিশ। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি অপরাধীর কঠোর শাস্তির দাবি তুলেছেন এলাকাবাসী।





