কর্পোরেট চাকরির গ্ল্যামার ছেড়ে নতুন পথে হাঁটার সাহস কজন দেখান? হায়দরাবাদের উবার চালক কুমার এমনই এক ব্যতিক্রমী দৃষ্টান্ত। একসময় অ্যামাজনের মতো প্রতিষ্ঠানে কর্মরত কুমার ২০১৪ সালে সেই সুনিশ্চিত জীবন ছেড়ে বেছে নিয়েছিলেন উবারের স্টিয়ারিং। আজ ১২ বছর পেরিয়ে এসেও তাঁর সিদ্ধান্তে কোনো আক্ষেপ নেই, বরং তিনি একে জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত বলেই মনে করেন।
সম্প্রতি সফটওয়্যার ডেভেলপার চেতনা সিং সোশ্যাল মিডিয়ায় কুমারের সাথে তাঁর কথোপকথনের একটি ভিডিও শেয়ার করেন, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে কুমার জানান, গাড়ি চালানো তাঁর কাছে শুধু জীবিকা নয়, বরং শহরকে চেনার, মানুষের গল্প শোনার এবং নিজের পছন্দের কাজ করার এক অনন্য মাধ্যম। গত ১২ বছরে তিনি সফলভাবে ২৩,৬০০-এর বেশি ট্রিপ সম্পন্ন করেছেন। কুমার বলেন, “সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি প্রতিটি ট্রিপ উপভোগ করি। নিজের শহরকে গলি-গলি চেনার মধ্যেই আমি আসল আনন্দ খুঁজে পাই।”
সোশ্যাল মিডিয়ায় কুমারের এই জীবনদর্শন ব্যাপক সাড়া ফেলেছে। চেতনা সিং-এর মতে, যেখানে সামাজিক চাপের কারণে অনেকেই নিজের স্বপ্ন বিসর্জন দেন, সেখানে কুমারের মতো মানুষরা আমাদের দেখিয়ে দেন যে প্রচলিত সাফল্যের বাইরেও জীবনকে নিজের শর্তে সাজানো যায়। নেটিজেনরা কুমারের এই সহজ-সরল জীবনবোধের ভূয়সী প্রশংসা করেছেন। কর্পোরেট মোহ থেকে বেরিয়ে নিজের ভাল লাগাকে গুরুত্ব দেওয়ার কুমারের এই যাত্রা আজ হাজার হাজার মানুষের কাছে অনুপ্রেরণার নতুন নাম হয়ে উঠেছে।





