‘পুষ্পা’ এখন পিঞ্জরে! কোমর দড়িতে বেঁধে ফলতার রাস্তায় কান ধরে হাঁটানো হলো প্রাক্তন বিধায়ককে

একসময় যাঁর দাপটে কাঁপত গোটা ফলতা, সেই প্রাক্তন তৃণমূল বিধায়ক জাহাঙ্গির খান ওরফে ‘পুষ্পা’ এখন চরম বিপর্যয়ের মুখে। রবিবার ডায়মন্ড হারবার আদালতে পেশ করার পর তাঁকে আরও ছ‘দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এরপরই পুলিশের কড়া নজরদারিতে কোমর দড়ি বেঁধে, কান ধরে তাঁকে ফলতার রাস্তায় হাঁটানোর একাধিক ভিডিও ও ছবি ভাইরাল হতেই রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে।

এক সময়ের প্রভাবশালী নেতার এই ‘হাঁটানো’র দৃশ্য দেখে বিস্মিত এলাকাবাসী। পরনে কালো টি-শার্ট ও হাফ প্যান্ট, গলায় দড়ি—এমন অবমাননাকর পরিস্থিতিতে প্রাক্তন বিধায়ককে দেখে প্রশ্ন উঠছে প্রশাসনিক ভূমিকা নিয়েও। পুলিশ সূত্রে খবর, ২০২০ সালে বিজেপির তৎকালীন জাতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনার পুরনো এফআইআর-কে নতুন করে গুরুত্ব দিচ্ছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। অভিযোগ, সেই সময় রাজনৈতিক প্রভাবে তদন্ত ধামাচাপা দেওয়া হয়েছিল। এবার সেই পুরনো মামলার নথি ও তথ্যপ্রমাণ পুনরায় খতিয়ে দেখা হচ্ছে।

২০২৬ সালে বিধানসভা নির্বাচনের সময় ভোট কারচুপির অভিযোগে বিতর্কিত হয়ে পড়া জাহাঙ্গির খান দীর্ঘ সময় লোকচক্ষুর আড়ালে ছিলেন। কিন্তু ক্ষমতা বদলের পরেই নতুন করে প্রশাসনের কড়া নজরে তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে গড়ে তোলা প্রভাব ও ক্ষমতা হারানোর পর এখন কঠোর বাস্তবের মুখোমুখি জাহাঙ্গির। একের পর এক অভিযোগ আর পুলিশের জেরার চাপে কার্যত কোনঠাসা এক সময়ের দাপুটে নেতা। এই ঘটনা প্রমাণ করে, সময় কতটা নিষ্ঠুর হতে পারে ক্ষমতার শীর্ষে থাকা মানুষদের জন্য।