আত্মহত্যা নাকি অন্য কিছু? ঘরে একাকী থাকাকালীন কেন চরম পথ বেছে নিলেন সঞ্চিতা?

টেলিভিশন জগৎ থেকে উঠে এল এক মর্মান্তিক খবর। জনপ্রিয় সিরিয়াল ‘কুমকুম ভাগ্য’-এর অভিনেত্রী সঞ্চিতা উগালে গত ১৪ জুন আত্মহত্যা করেছেন। মহারাষ্ট্রের নালাসোপারার আচোল গ্রামের বাসিন্দা ২২ বছর বয়সী এই অভিনেত্রীর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে।
পুলিশ সূত্রে খবর, ১৪ জুন সন্ধ্যা ৭টা থেকে ৭টা ৩০ মিনিটের মধ্যে নিজের শোবার ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না জড়িয়ে তিনি আত্মহত্যা করেন। ঘটনার সময় বাড়িতে সঞ্চিতা একাই ছিলেন। পরিবারের সদস্যরা বাইরে থেকে ফিরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তড়িঘড়ি ভাসাই-ভিরার পৌর কর্পোরেশন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
আচোল থানার এপিআই বিনোদ বাঘ জানান, সঞ্চিতার বাবার কোনো অভিযোগ নেই। ১৫ জুন মৃতার বাবা মাছিন্দ্র উগালের অভিযোগের ভিত্তিতে বিএনএসএস (BNSS) ধারা ১৯৪-এর অধীনে একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর (ADR) মামলা রুজু করা হয়েছে। তবে ঠিক কী কারণে তিনি এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা এখনও স্পষ্ট নয়। পুলিশি তদন্ত চলছে এবং ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। মেধাবী এই অভিনেত্রীর মৃত্যুতে তাঁর সহকর্মী ও অনুরাগীদের মধ্যে গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে।