শিয়ালদহ ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য অত্যন্ত আনন্দের খবর নিয়ে এল পূর্ব রেল। অফিস টাইমে ট্রেনের ভিড় সামলাতে এবং পরিষেবার মান আরও উন্নত করতে শিয়ালদহ ডিভিশন একাধিক নতুন ইএমইউ (EMU) ট্রেন পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৫ জুন থেকে এই নতুন ট্রেনগুলি যাত্রী পরিষেবা শুরু করবে। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা।
ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, শিয়ালদহ মেন লাইনের তুলনায় দক্ষিণ শাখায় যাত্রীদের চাপ অনেক বেশি। বিশেষ করে সকালের দিকে ডায়মন্ড হারবার সেকশনে নিত্যযাত্রীদের চূড়ান্ত ভিড়ের কথা মাথায় রেখেই নতুন ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন ট্রেনগুলির সময়সূচী:
সোনারপুর-ডায়মন্ড হারবার: সোনারপুর থেকে নতুন ট্রেন ছাড়বে সকাল ৬টা ৫ মিনিটে, ডায়মন্ড হারবার পৌঁছবে সকাল ৭টা ১০ মিনিটে।
ডায়মন্ড হারবার-শিয়ালদহ: ডায়মন্ড হারবার থেকে নতুন ইএমইউ ছাড়বে সকাল ৭টা ২২ মিনিটে, শিয়ালদহ পৌঁছবে সকাল ৮টা ৫৮ মিনিটে।
শিয়ালদহ-সোনারপুর: শিয়ালদহ থেকে নতুন ইএমইউ ছাড়বে সকাল ৯টা ৩৫ মিনিটে, সোনারপুর পৌঁছবে সকাল ১০টা ১০ মিনিটে।
শুধু দক্ষিণ শাখাই নয়, উত্তর দিকেও স্বস্তি মিলেছে। হাসনাবাদ থেকে বারাসতগামী নতুন ট্রেন প্রতিদিন বিকেল ৩টা ২০ মিনিটে ছেড়ে ৪টা ৩৯ মিনিটে বারাসত পৌঁছবে। এছাড়া শিয়ালদহ থেকে ছাড়ার ৩৩৪৩১ বারাসত লোকালটিকে হাসনাবাদ পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে, যা সকাল ৮টা ৫৮ মিনিটে ছেড়ে হাসনাবাদ পৌঁছবে সকাল ১১টা ৬ মিনিটে। রেল কর্তৃপক্ষের আশা, এই পদক্ষেপের ফলে ডায়মন্ড হারবার, সোনারপুর, বারাসত ও হাসনাবাদ শাখার হাজার হাজার যাত্রীর ভোগান্তি অনেকটাই কমবে।
পাশাপাশি, সাম্প্রতিক ট্রেনগুলিতে মহিলা কোচ কমানোর জল্পনা খারিজ করে রেল কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, কোনোভাবেই মহিলা কোচের সংখ্যা কমানো হবে না। প্রতিটি পরিষেবায় আগের মতোই মহিলাদের জন্য ৩টি কোচ সংরক্ষিত থাকবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে পুরুষদের মহিলা কোচে ওঠার অনুমতি দেওয়া হবে না।
স্টেশন চত্বরে হকার উচ্ছেদ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে ডিআরএম জানান, তিনি হাইকোর্টের নির্দেশ এখনও হাতে পাননি। তবে তিনি স্পষ্ট করেছেন, যাত্রীদের নিরাপত্তা এবং স্টেশন চত্বরে চলাচলের সুবিধার খাতিরে বেআইনি স্টল উচ্ছেদ রেলের দীর্ঘমেয়াদী নীতি। অতিরিক্ত ভিড় হয় এমন স্টেশনগুলিতে যাত্রীদের সুরক্ষার স্বার্থে কোনো অবৈধ জবরদখল রেল বরদাস্ত করবে না বলে তিনি জানিয়েছেন।





