তৃণমূলের আমলে হওয়া সব মিথ্যা মামলা প্রত্যাহার! কর্মীদের বড় আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

রাজ্যে পালাবদলের পর থেকেই তৃণমূল সরকারের আমলে হওয়া অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার দমদমের একটি রক্তদান শিবিরে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী সরাসরি প্রাক্তন শাসকদলকে ‘ডাকাত’ ও ‘ব্রিটিশদের চেয়েও বেশি অত্যাচারী’ বলে কটাক্ষ করলেন।

মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস দীর্ঘদিন ধরে তৃণমূল সরকারের আমলে বিরোধী রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে করা অসংখ্য মামলা নিয়ে এদিন বড় আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “অনেক অত্যাচার হয়েছে, অনেক মিথ্যা মামলায় আমাদের কর্মীদের ফাঁসানো হয়েছে। আমি আপনাদের আশ্বস্ত করছি, সমস্ত মিথ্যে মামলা প্রত্যাহার করা হবে।” তবে সেই সঙ্গে তিনি সংযত হওয়ার বার্তা দিয়ে কর্মীদের উদ্দেশে বলেন, “আপনারা জয়ী হয়েছেন, কিন্তু আইন নিজের হাতে তুলে নেবেন না।”

অনুপ্রবেশ রুখতে কঠোর পদক্ষেপ রাজ্যের সীমান্ত নিরাপত্তা ও অনুপ্রবেশকারীদের মোকাবিলায় নিজের সরকারের স্পষ্ট অবস্থানের কথা পুনরায় উল্লেখ করেন শুভেন্দু। তিনি জানান, অবৈধ অনুপ্রবেশকারীরা মূলত হাকিমপুর সীমান্ত দিয়ে এ রাজ্যে ঢুকত। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরই বিএসএফ-এর (BSF) হাতে প্রয়োজনীয় জমি হস্তান্তর থেকে শুরু করে তোষণ বন্ধের মতো একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে। অনুপ্রবেশ রুখতে সরকার কোনো আপস করবে না বলেও তিনি স্পষ্ট করে দিয়েছেন।

বিরোধীদের কুৎসার জবাব তৃণমূলের প্রচারের পাল্টা জবাব দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ওরা বলেছিল বিজেপি ক্ষমতায় এলে মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে। তাদের সেই অপপ্রচারের দাঁতভাঙা জবাব দিতেই আগামী সপ্তাহ থেকে ‘মা আহার’ কেন্দ্রে ৫ টাকার বিনিময়ে মাছ-ভাত দেওয়া হবে।”

বাংলার উন্নয়নে কেন্দ্রীয় সহযোগিতা মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় বাংলাকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে কেন্দ্রীয় মন্ত্রীরা নিয়মিত যোগাযোগ রাখছেন। রাজ্যের জন্য ৩৯ হাজার কোটি টাকার ‘নলে জল’ প্রকল্পের কাজ খুব দ্রুত শুরু হবে। তিনি বলেন, “যারা সশরীরে আসতে পারছেন না, তারাও ভার্চুয়ালি মিটিং করে সিদ্ধান্ত নিচ্ছেন। বাংলাকে আর্থিকভাবে দাঁড় করাতে কেন্দ্র বদ্ধপরিকর।”

দমদমের জনসভায় শুভেন্দু অধিকারীর এই আক্রমণাত্মক মেজাজ এবং উন্নয়নের রূপরেখা আসন্ন বিধাননগর পুরনিগম নির্বাচনের আগে বিজেপি কর্মীদের আত্মবিশ্বাস যে অনেকটা বাড়িয়ে দিল, তা বলাই বাহুল্য।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy