‘চুরি করবেন না, আমাদের কিউআর কোডে টাকা নিন!’ অনন্য উপায়ে চোরদের কাছে আবেদন পাঞ্জাবের কৃষকদের!

পাঞ্জাবের ফরিদকোট জেলায় লাগাতার সেচের মোটর চুরির ঘটনায় দিশেহারা কৃষকেরা এখন এক আবেগঘন ও অভিনব প্রতিবাদের পথে। গত কয়েক দিনে জেলায় প্রায় ২৫টি সেচ পাম্প চুরির ঘটনা ঘটেছে, যা কৃষকদের আর্থিক মেরুদণ্ড ভেঙে দিয়েছে। এই চুরি রুখতে মরিয়া কৃষকেরা চোরদের উদ্দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক অদ্ভুত আবেদন জানিয়েছেন।

পোস্টারে কৃষকরা লিখেছেন, “একটি মোটরের দাম ৫০ হাজার টাকা, যা আমাদের কাছে অমূল্য। অথচ চোরেরা সেটি মাত্র ৫০০ টাকায় বিক্রি করে দেয়। আমরা চাই না আমাদের পাম্প চুরি হোক। তার চেয়ে ভালো, চোরেরা কোনো জনবহুল স্থানে একটি কিউআর কোড (QR Code) বসিয়ে দিক। আমরা নিজেরা চাঁদা তুলে তাকে টাকা দিয়ে দেব, দয়া করে মোটর চুরি করা বন্ধ করুন।”

কৃষকদের মতে, কৃষিকাজ এমনিতেই লোকসানের মুখ দেখছে, তার ওপর নিত্যদিনের এই চুরি তাদের পথে বসিয়ে দিচ্ছে। তারা প্রশাসনের কাছে ভাঙারি দোকানগুলোর ওপর কড়া নজরদারি ও চোর চক্রটিকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। এই অভিনব আবেদনটি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। নেটিজেনরা কৃষকদের এই অসহায়ত্বের পাশাপাশি তাদের বুদ্ধিদীপ্ত প্রতিবাদের প্রশংসাও করছেন। ফরিদকোটের সাধারণ মানুষ এখন প্রশাসনের দিকে তাকিয়ে আছেন—কবে এই পাম্প চোর চক্রের হাত থেকে মুক্তি পাবেন তারা?

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy