‘তারক মেহতা কা উল্টা চশমা’ এবং ‘গন্দি বাত ৩’ খ্যাত অভিনেত্রী নেহাল ভাদোলিয়া বর্তমানে তাঁর জীবনের এক চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও কর্মজীবনের তিক্ত অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী। তিনি স্পষ্ট জানিয়েছেন, জীবনে প্রেমে বারবার আঘাত পাওয়ার পর থেকেই পুরুষদের প্রতি তাঁর মনে এক গভীর ঘৃণার জন্ম হয়েছে।
পেশাগত জীবনেও নেহালকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। সাহসী চরিত্রে অভিনয়ের কারণে তিনি বিনোদন জগতে এক নির্দিষ্ট ‘ইমেজ’-এ আটকে পড়েছেন, যা বর্তমানে তাঁর ক্যারিয়ারের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। নেহাল জানান, ওটিটি প্ল্যাটফর্মে সাহসী চরিত্রে অভিনয়ের জন্য তাঁকে চড়া মূল্য দিতে হচ্ছে। এই ভাবমূর্তির কারণেই নির্মাতারা তাঁকে নতুন কোনো কাজ দিতে চাইছেন না, যার ফলে গত চার বছর ধরে তিনি টেলিভিশন জগৎ থেকে কার্যত নির্বাসিত।
অভিনেত্রীর আক্ষেপ, শিল্পীরা যখনই ভিন্ন কিছু করার চেষ্টা করেন, তখনই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। দর্শকরা নতুন কিছু প্রত্যাশা করলেও, এই গ্ল্যামার ইন্ডাস্ট্রির ছাঁচে তৈরি চরিত্র থেকে বেরিয়ে আসা কঠিন হয়ে পড়েছে। নিজের এই করুণ পরিণতির জন্য তিনি যেমন ইন্ডাস্ট্রিকে দায়ী করছেন, তেমনই ব্যক্তিগত জীবনে পাওয়া প্রতারণার ক্ষত তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। কাজ হারানোর এই যন্ত্রণা এবং ব্যক্তিগত জীবনের অস্থিরতা বর্তমানে তাঁকে প্রবল হতাশায় ঠেলে দিয়েছে।





